ভবিষ্যতের স্বার্থেই রাজনীতির গুণগত পরিবর্তন জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের সফররত উন্নয়ন-সহায়তা প্রতিমন্ত্রী অ্যালান ডানকান বলেছেন, বাংলাদেশের ভবিষ্যতের স্বার্থেই এখানে গণতন্ত্রের গুণগত পরিবর্তন জরুরি। তাই গণতান্ত্রিক-ব্যবস্থায় সরকার ও বিরোধী দলকে সমান দায়িত্ব পালন করতে হবে। গতকাল বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ অভিমত দেন ব্রিটিশ প্রতিমন্ত্রী। তিন দিনের সফরে তিনি গত সোমবার ঢাকায় আসেন। বাংলাদেশে যুক্তরাজ্যের উন্নয়ন-সহায়তাপুষ্ট কার্যক্রম সরেজমিনে দেখতে এ নিয়ে দ্বিতীয়বারের মতো বাংলাদেশে এলেন অ্যালান ডানকান। ব্রিটিশ প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশে তাঁর দেশের উন্নয়ন-সহায়তার পরিমাণ দ্বিগুণ করা হয়েছে। ফলে আগামী চার বছরে ১০০ কোটি পাউন্ড পাবে বাংলাদেশ।তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এ মুহূর্তে সরকার ও বিরোধী দলের বিপরীতমুখী অবস্থানের বিষয়ে জানতে চাইলে ডানকান বলেন, ‘বাংলাদেশে কোন পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা হবে, তা নির্ধারণ করবে এ দেশের জনগণ। এ বিষয়ে পরামর্শ দেওয়া আমার কাজ নয়। তবে এ ক্ষেত্রে একটি বিষয় জোরের সঙ্গে বলতে চাই, বাংলাদেশের গণতন্ত্রকে এগিয়ে নিতে আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন করতে হবে।’ বর্তমান প্রক্রিয়ায় সুরাহা না হলে ব্রিটিশ সরকার মধ্যস্থতা করবে কি না, জানতে চাইলে ডানকান নেতিবাচক জবাব দেন। ব্রিটিশ প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের (রাজনৈতিক) ইতিহাস সম্পর্কে আমার ধারণা আছে। এখানকার মূল রাজনৈতিক পক্ষগুলোর প্রতিটিই মনে করে, তাদের দাবি অনেক বেশি যৌক্তিক। তবে আমি বলব, অতীতের ধারা থেকে বেরিয়ে আসতে হবে। গুণগত পরিবর্তন আনতে হবে রাজনীতির।’ রাজনৈতিক স্থিতিশীলতা বিঘ্নিত হলে উন্নয়ন-সহায়তা ব্যাহত হবে কি না, জানতে চাইলে ব্রিটিশ উন্নয়ন প্রতিমন্ত্রী বলেন, সহযোগিতা দেওয়ার সময় আমরা কোনো শর্ত জুড়ে দিই না। তবে একটি দেশের সহায়তা পাওয়ার বিষয়টি সে দেশের সুনামের ওপর নির্ভর করে। সংবাদ সম্মেলনে ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার স্টিফেন ইভান্স ও ঢাকায় যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রধান ক্রিস অস্টিন উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ: অ্যালান ডানকান গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে যুক্তরাজ্যের সহায়তা চেয়েছেন। প্রধানমন্ত্রী ব্রিটিশ উন্নয়ন-সহায়তা প্রতিমন্ত্রীকে বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের ব্যাপারে তাঁর সরকার ন্যূনতম ছাড় দিচ্ছে না। গণতন্ত্রের ভিত্তি সুদৃঢ় করার লক্ষ্যে তাঁর সরকার প্রয়াস চালাচ্ছে বলেও উল্লেখ করেন শেখ হাসিনা। খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ: ইউএনবি জানায়, অ্যালান ডানকান গতকাল সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে আলোচনা করেছেন। গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ে বৈঠকের পর ব্রিটিশ মন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান। ডানকান এ সময় বলেন, তিনি আশা করছেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কাদা ছোড়াছুড়ি না করে ভবিষ্যৎ রূপকল্পের ভিত্তিতে গণতন্ত্রের চর্চা করবে। ডানকান জানান, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে খালেদা জিয়ার সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। যুক্তরাজ্য চায়, বাংলাদেশে অবাধ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক এবং দেশের মানুষ ও রাজনীতিকেরা সে লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করুন।