ভবিষ্যৎ নিয়ে শঙ্কা, তবু আশায় বসতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উচ্ছেদের ওপর হাইকোর্ট তিন মাসের নিষেধাজ্ঞা দেওয়ার পর কল্যাণপুর পোড়া বস্তির বাসিন্দারা গুঁড়িয়ে দেওয়া ঘর আবার তুলতে শুরু করেছেন৷ ছবিটি গতকাল দুপুরের l প্রথম আলো
উচ্ছেদের ওপর হাইকোর্ট তিন মাসের নিষেধাজ্ঞা দেওয়ার পর কল্যাণপুর পোড়া বস্তির বাসিন্দারা গুঁড়িয়ে দেওয়া ঘর আবার তুলতে শুরু করেছেন৷ ছবিটি গতকাল দুপুরের l প্রথম আলো

কল্যাণপুর পোড়া বস্তিতে গত ২১ জানুয়ারির উচ্ছেদ এবং ২২ জানুয়ারির আগুনের ঘটনায় হাজার খানেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছিল। হাইকোর্ট উচ্ছেদ কার্যক্রমে তিন মাসের নিষেধাজ্ঞা দেওয়ায় অনেকেই আবার গুঁড়িয়ে যাওয়া ঘর নতুন করে তুলছেন। তবে ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত বস্তিবাসীর দাবি, পুনর্বাসন ছাড়া যেন বস্তি উচ্ছেদ না করা হয়।
গত ২১ জানুয়ারি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের (এইচবিআরআই) জমিতে গড়ে ওঠা কল্যাণপুর পোড়া বস্তি উচ্ছেদ করতে আসে কর্তৃপক্ষ। বস্তি উচ্ছেদ নিয়ে পুলিশের সঙ্গে ওই বস্তির বাসিন্দাদের কয়েক দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। পরে সেদিন দুপুরে হাইকোর্ট ওই বস্তি উচ্ছেদ কার্যক্রমে তিন মাসের নিষেধাজ্ঞা দিলে আংশিক উচ্ছেদ করেই ফিরে যায় এইচবিআরআই কর্তৃপক্ষ।
উচ্ছেদ অভিযানে বস্তির ৭, ৬, ৩ ও ২ নম্বর অংশের কয়েক শ ঘর গুঁড়িয়ে দেওয়া হয়। গতকাল রোববার বস্তি ঘুরে দেখা যায়, অধিকাংশ গুঁড়িয়ে দেওয়া ঘর আবার নতুন করে তোলা হয়েছে। কিছু ঘর তোলার কাজ এখনো চলছে। বস্তির ভেতর থেকে টিন-হাতুড়ির ঠুকঠুক আওয়াজ আসছে। পুনরায় তোলা চা-পানের দোকানে ক্রেতারা আড্ডা জমিয়েছেন। বস্তির প্রবেশমুখে এখনো পুলিশি পাহারা আছে।
উচ্ছেদের পরের দিন বস্তির ৮ নম্বর অংশে আগুনে অর্ধশতাধিক ঘর পুড়ে যায়। বস্তির বাসিন্দারা অভিযোগ করেছিলেন, উচ্ছেদে ব্যর্থ হয়ে উদ্দেশ্যমূলকভাবে আগুন লাগানো হয়েছিল। গতকাল দেখা যায়, পোড়া চিহ্ন এখনো আছে। পুড়ে যাওয়া টিন দিয়ে কোনো রকমে ঘরের কাঠামো দাঁড় করিয়ে তার ভেতরেই থাকছেন বাসিন্দারা।
পুড়ে যাওয়ার পরে নতুন করে আর ঘর তুলতে পারেননি নুরজাহান বেগম। চারপাশে পোড়া টিন রেখে ভেতরে দুই মেয়ে ও স্বামীকে নিয়ে থাকেন। তিনি বলেন, ‘টাকার লিগা ঘর তুলতে পারি নাই। ঘরটা বড় আছিল। এখন চৌকি রাখার জায়গা নাই, বাইরে রাখছি। সবাই মিলা মাটিতে ঘুমাই।’
বেসরকারি সংস্থা নগর বস্তিবাসী উন্নয়ন সংস্থার (এনবাস) সংগৃহীত তথ্য অনুযায়ী, কল্যাণপুর পোড়া বস্তিতে ২১ জানুয়ারির উচ্ছেদ এবং ২২ জানুয়ারির আগুনের ঘটনায় মোট ১ হাজার ১৭১টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছিল। উচ্ছেদ ও অগ্নিকাণ্ডে বস্তিবাসীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। ঘর ভেঙে ফেলায় দিন কাটাতে হয় খোলা আকাশের নিচে।
২১ জানুয়ারি উচ্ছেদের সময় বস্তির ৬ নম্বর অংশের বাসিন্দা মো. জাহাঙ্গীর আলমের বাঁ চোখে পুলিশের ছোড়া গুলির স্প্লিন্টার লেগেছিল। বাসচালকের সহকারী ২০ বছরের এই তরুণ গতকাল বললেন, ‘বাঁ চোখে এখনো কিছু দেখি না। আলো পড়লে বুঝি।’ জাহাঙ্গীরকে এক গাদা চোখের ড্রপ দিয়েছেন চিকিৎসকেরা। চোখে আঘাত লাগার পর থেকেই তাঁর চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাচ্ছে পরিবার।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এইচবিআরআইয়ের প্রায় ১৫ একর জায়গায় গড়ে উঠেছে কল্যাণপুর পোড়া বস্তি। তাদের হিসাবে বস্তিতে রয়েছে প্রায় এক হাজার ঘর। বস্তি উচ্ছেদ করে এখানে স্বল্প খরচে কীভাবে বাড়ি তৈরি করা যায়, সে বিষয়ে একটি গবেষণা প্রতিষ্ঠানসহ একাধিক সরকারি স্থাপনা করার পরিকল্পনা আছে।
অভিযোগ আছে, কল্যাণপুর পোড়া বস্তিতে মাদক বিক্রি হয়। সন্ধ্যা নামলেই বস্তিতে মাদক ক্রেতা-বিক্রেতাদের আনাগোনা দেখা যায়। এ বিষয়ে বস্তির কমিউনিটি বেসড অর্গানাইজেশনের (সিবিও) সাধারণ সম্পাদক মো. হান্নান আকন্দ প্রথম আলোকে বলেন, বস্তির ভেতরে যে কয়েক জায়গায় মাদক বিক্রি হতো, সেগুলো গত বছরই উচ্ছেদ করা হয়েছে। বস্তির ভেতরে মাইকে মাদকবিরোধী প্রচারণা চালানো হচ্ছে। শুধু বিক্রেতা না, কোনো মাদকসেবীকেও বস্তিতে রাখা হবে না।