বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার ঘটনা নিয়ে সরেজমিন একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিখ্যাত টাইম সাময়িকী। প্রতিবেদনটি ১৪ জানুয়ারি সাময়িকীর অনলাইন সংস্করণে প্রকাশিত হয়।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি ছাড়াও কোনো কোনো ক্ষেত্রে হিন্দুদের জায়গা-জমি দখলের জন্য তাদের ওপর হামলার ঘটনা ঘটছে। কট্টর ইসলামপন্থী জামায়াত-শিবির ছাড়াও কোথাও কোথাও ক্ষমতাসীন আওয়ামী লীগের সুযোগসন্ধানী নেতা-কর্মীরাও এসব ঘটনার সঙ্গে জড়িত। এ অবস্থায় নিজেদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত সংখ্যালঘু হিন্দুরা।
দক্ষিণাঞ্চলের সাতক্ষীরা জেলার বিভিন্ন এলকা ঘুরে প্রতিবেদনটি তৈরি করেছেন সাংবাদিক যোসেফ আলচিন। কথা বলেছেন হামলা ও নির্যাতনের শিকার সংখ্যালঘুদের সঙ্গে। সুভাষ ঘোষ নামের এক ব্যক্তি জানান, দিনের বেলা প্রকাশ্যে দুর্বৃত্তরা তাঁর বাড়িতে হামলা চালায় এবং পেট্রলবোমা ও গানপাউডার দিয়ে আগুন ধরিয়ে দেয়।
সুভাষ ঘোষ বলেন, ‘বাংলাদেশে কোনো কিছু ঘটলেই হিন্দুদের ওপর হামলা হয়।’ ৬৩ বছর বয়সী এই মুক্তিযোদ্ধা আরও বলেন, ‘আমরা যদি দেশ ছেড়ে চলে যাই, সবাই মিলে আমাদের জায়গা-জমি দখল করে নেবে। আমি কাপুরুষের মতো দেশ ছেড়ে ভারতে গিয়ে রিকশাচালক হতে চাই না।’
সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া টাইম সাময়িকীকে বলেন, ‘আমরা যখন বলি যে এসব ঘটনা ঘটছে রাজনৈতিক কারণে, তখন এই সহিংসতাকে বৈধতা দেওয়া হয়ে যায়। যেসব পরিবারের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, তাদের বেশির ভাগ গরিব। তাদের বাড়ি জ্বালিয়ে দিলে তারা দেশ ছেড়ে চলে যাবে এবং এই সুযোগে তাদের জায়গা-জমি দখল করা হবে।’
নির্বাচনকে কেন্দ্র করে আগে-পরে একের পর এক সহিংতার ঘটনা ঘটেছে সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ি গ্রামে। টাইম-এর সাংবাদিক সরেজমিন ঘুরেছেন ওই এলাকায়। প্রতিবেদনে বলা হয়, এসব ঘটনা শুধু যে জামায়াতে ইসলামী ঘটাচ্ছে, তা নয়। সাম্প্রদায়িক বিভক্তির এই মনোভাবকে কাজে লাগিয়ে সহায়-সম্পত্তি বানিয়ে নেওয়ার কাজে আওয়ামী লীগের সুযোগসন্ধানী নেতারাও জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।
সুশাসন ফিরিয়ে আনাই বড় প্রশ্ন: দ্য টেলিগ্রাফ
সরকার চালাতে শেখ হাসিনাকে বড় ঝক্কি সামলাতে হবে। সুশাসন ফিরিয়ে আনাই হবে তাঁর সরকারের প্রথম কাজ। এটা মোটেও সহজ নয়। কিন্তু তিনি যদি আইনের শাসন দ্রুত ফিরিয়ে আনতে পারেন, তবে তাঁর পথ কিছুটা সুগম হতে পারে। ভারতের ইংরেজি দৈনিক দ্য টেলিগ্রাফ-এ ১৪ জানুয়ারি প্রকাশিত অনলাইন সংস্করণে ‘কঠিন সময়’ শিরোনামের এক মন্তব্য কলামে এসব কথা বলা হয়েছে।