জিটিসিএলের প্রস্তাবে গণশুনানিতে অভিমত
ভবিষ্যৎ প্রকল্পের জন্য গ্রাহক গ্যাসের বেশি দাম দেবে না

কোনো লাভজনক প্রতিষ্ঠানের ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্পের ব্যয় বিবেচনা করে গ্যাসের দাম কিংবা গ্যাস সঞ্চালন-বিতরণের মূল্যহার বাড়ানো এনার্জি রেগুলেটরি কমিশনের আইনসম্মত নয়। যদি কোনো কোম্পানির আয়-ব্যয়ের হিসাবে রাজস্ব ঘাটতি দেখা যায়, কেবল সে ক্ষেত্রেই দাম কিংবা মূল্যহার বাড়ানো যেতে পারে।
গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবের ওপর গণশুনানিতে বিশেষজ্ঞ, ব্যবসায়ী, রাজনৈতিক নেতা—সবাই এই অভিমত ব্যক্ত করেছেন। গতকাল রোববার কারওয়ান বাজারের টিসিবি মিলনায়তনে এই শুনানি শুরু হয়েছে। গতকাল শুনানি হয়েছে গ্যাস সঞ্চালন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) প্রস্তাবের ওপর। কোম্পানিটি প্রতি ঘনমিটার গ্যাস সঞ্চালনের মূল্যহার বর্তমানের শূন্য দশমিক ১৫৬৫ টাকা থেকে বাড়িয়ে শূন্য দশমিক ৩৬৬৫ টাকা করার প্রস্তাব করেছে। এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি কমিটি পর্যালোচনা করে তা শূন্য দশমিক ২৯৫৬ টাকা করার সুপারিশ করেছে।
শুনানিতে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম বলেন, জিটিসিএলের প্রস্তাব অনুযায়ী গত অর্থবছরে কোম্পানিটি প্রায় ৪০০ কোটি টাকা মুনাফা করেছে। চলতি অর্থবছরেও মুনাফা হবে। তবে কিছুটা কমবে। এ রকম লাভজনক কোনো কোম্পানির পণ্য বা সেবার দাম বাড়ানো বিইআরসির আইনের পরিপন্থী। ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্পের জন্য তাদের অর্থ প্রয়োজন হলে তা সরকারের উন্নয়ন বাজেট থেকে দিতে হবে। এ জন্য গ্যাস সঞ্চালনের মূল্যহার বাড়ানোর কোনো যুক্তি নেই।
এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেন, জিটিসিএল ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্পে যে বিনিয়োগ করেছে, তা মুনাফাসহ ফেরত পাবে কোম্পানিটি। সে জন্য সাধারণ গ্রাহক কেন এখন বেশি দাম দেবে? তিনি বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কম। কিন্তু দেশে সেই হারে কমানো হচ্ছে না। আবারও গ্যাসের দাম বাড়ানো হলে উৎপাদন ও রপ্তানি খাতে বিরূপ প্রভাব পড়বে। বিশ্ব পরিস্থিতির কারণে দেশের প্রবাসী আয়ে কিছুটা নেতিবাচক প্রবণতা দেখা দিয়েছে। এখন গ্যাসের দাম বাড়ানোর ফলে যদি রপ্তানি বাণিজ্যেও সমস্যা দেখা দেয়, তাহলে অর্থনীতির অগ্রযাত্রা ব্যাহত হবে। বিইআরসির উদ্দেশে তিনি বলেন, কিছুদিন আগেই (গত বছরের ১ সেপ্টেম্বর) তো গ্যাসের দাম বাড়িয়েছেন। এখন আর বাড়াবেন না।
সিপিবির নেতা রুহিন হোসেন বলেন, গ্যাসের মূল্যবৃদ্ধি অর্থনীতি ও মানুষের জীবনযাত্রার ওপর কী প্রভাব ফেলবে, সে বিষয়ে সমীক্ষা না করে দাম বাড়ানো যাবে না। কোম্পানিগুলোর ব্যয় এবং গ্যাসের অপচয় কমানোর পদক্ষেপ নিতে হবে।
গণশুনানি চলাকালে টিসিবি ভবনের সামনে গণসংহতি আন্দোলনের নেতা-কর্মীরা বিক্ষোভ সমাবেশ করেন। ভেতরে শুনানিতে অংশ নেন গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি।
শুনানিতে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক নুরুল ইসলাম ও পেট্রোবাংলার সাবেক কর্মকর্তা সালেক সুফী কিছু পরামর্শমূলক বক্তব্য দেন।
বিইআরসির চেয়ারম্যান এ আর খান, সদস্য রহমান মুরশেদ ও মাকসুদুল হক শুনানি্ গ্রহণ করেন। এ আর খান বলেন, বিইআরসি গ্রাহকস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব ও অগ্রাধিকার দেয়। গ্যাস-সম্পদের মালিক দেশের জনগণ। কাজেই দেশের সবাই যাতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই সম্পদ থেকে সৃষ্ট সুবিধা পায়, তা নিশ্চিত করাই বিইআরসির দায়িত্ব।
আজ সোমবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির প্রস্তাবের ওপর শুনানি হবে। ১৮ আগস্ট পর্যন্ত এই খাতের কোম্পানিগুলোর প্রস্তাবের ওপর শুনানি চলবে।