কমনওয়েলথ দিবসের অনুষ্ঠানে ব্রিটিশ হাইকমিশনার
ভবিষ্যৎ প্রজন্ম যেন রাজনৈতিক দ্বন্দ্বের বলি না হয়
দুই মাস ধরে বাংলাদেশে চলমান সহিংসতার নিন্দা জানিয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন বলেছেন, সব রাজনৈতিক দলের নেতাদের বিশেষ দায়িত্ব শুধু সমাজের দুর্বল অংশকে রক্ষা করা নয়, তাদের বিকশিত হতে সাহায্য করাও দায়িত্ব।
কমনওয়েলথ দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে রবার্ট গিবসন গতকাল সোমবার এসব কথা বলেন। বাংলাদেশের কমনওয়েলথ সোসাইটি রাজধানীর ব্র্যাক সেন্টারে এই সেমিনারের আয়োজন করে। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্ম যেন স্বল্পমেয়াদি রাজনৈতিক দ্বন্দ্বের বলি না হয়।
ব্রিটিশ হাইকমিশনার বলেন, দুই মাসের সহিংসতা বাংলাদেশের যুবসমাজের ওপর বিশেষ প্রভাব ফেলেছে। নির্বিচার অগ্নিসংযোগের শিকার হয়ে শিশুরা মৃত্যুবরণ করেছে, বীভৎসভাবে আহত হয়েছে। ভবিষ্যতের ভোটার ১০ লক্ষাধিক শিশুর এসএসসি পরীক্ষার সূচি বাতিল বা পরিবর্তিত হয়েছে। চার বছর ধরে বাংলাদেশে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে রয়েছে নির্বাচন। কিন্তু শুধু নির্বাচনই গণতন্ত্র নয়, বরং দুটি নির্বাচনের মাঝে যা ঘটে, সেটাই গণতন্ত্র। দ্য গ্রেট চার্টার অব লিবার্টি বা ম্যাগনাকার্টা সনদের ৮০০ বছর পূর্তি উপলক্ষে রবার্ট গিবসন বলেন, এই সনদ গোটা বিশ্বকে নাটকীয়ভাবে পরিবর্তন করেছিল। আধুনিক বিশ্বের রাজনীতিকদেরও এই সনদের মূল কথা মনে রাখতে হবে। মনে রাখতে হবে, ক্ষমতা স্বৈরাচারী ও অনিয়ন্ত্রিতভাবে ব্যবহার করা যাবে না, রাষ্ট্র তার নাগরিকদের কাছে জবাবদিহি করবে, যথাযথ পদ্ধতি অনুসরণ করতে হবে। আইনের শাসন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি, যার মূল ভিত্তি হচ্ছে শক্তিশালী প্রতিষ্ঠান ও জবাবদিহিমূলক সরকার।
প্রতিবছর মার্চ মাসের দ্বিতীয় সোমবার কমনওয়েলথ দিবস হিসেবে পালিত হয়। এ বছর এই দিবসের প্রতিপাদ্য ‘এ ইয়াং কমনওয়েলথ’। এই প্রতিপাদ্য বেছে নেওয়ার কারণ, কমনওয়েলথভুক্ত ৫৩টি সদস্যরাষ্ট্রের মোট জনসংখ্যার অর্ধেক ২৫ বছর বা তার কম বয়সী। সর্বস্তরের নেতৃত্বে যুবসমাজকে সামনে নিয়ে আসা দরকার বলে মত দেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ। তিনি বলেন, অর্থপূর্ণ অংশগ্রহণ ও নেতৃত্ব পর্যায়ে দায়িত্ব বণ্টনের মাধ্যমে তরুণদের ভবিষ্যতের জন্য তৈরি করা প্রয়োজন।
সেমিনার সঞ্চালনা করেন আয়োজক সংগঠনের সভাপতি ইনাম আহমেদ চৌধুরী। মূল প্রবন্ধে রাজনৈতিক বিশ্লেষক মিজানুর রহমান শেলী বলেন, যুবসমাজের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য কমনওয়েলথভুক্ত রাষ্ট্রের প্রধানদের উদ্যোগ প্রয়োজন। কমনওয়েলথ দিবস উপলক্ষে রানি দ্বিতীয় এলিজাবেথের বাণী পড়ে শোনান সাবেক রাষ্ট্রদূত সেলিনা মহসিন। বক্তব্য দেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক এ জে এনামুল ইসলাম ও সাবেক সভাপতি মোকাম্মেল হক, সাবেক রাষ্ট্রদূত শাহেদ আখতার প্রমুখ।