ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধ সম্পর্কে অবহিত করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে অবহিত করার তাগিদ দিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘এই মুহূর্তে প্রয়োজন যে ভবিষ্যৎ প্রজন্ম গড়ে উঠছে, তাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে অবহিত করা। মুক্তিযুদ্ধের রচনা, কবিতা, গল্প সেগুলো আমাদের লিখে যেতে হবে। এটা একটা বড় দায়িত্ব। জাতি এই দায়িত্ব আমাদের দিয়েছে।’
গতকাল বুধবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারীদের মধ্যে শিক্ষাবৃত্তির চেক প্রদান অনুষ্ঠানে অর্থমন্ত্রী এসব কথা বলেন। ভারত সরকারের মুক্তিযোদ্ধা স্কলারশিপ স্কিমের আওতায় ঢাকা অঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে এই চেক দেওয়া হয়। ভারতীয় হাইকমিশন ও মুক্তিযুদ্ধ একাডেমি যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, ঢাকাসহ বরিশাল, খুলনা, সিলেট, রংপুর, চট্টগ্রাম ও রাজশাহীতে এ বছর ৬০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে।
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা ভারত সরকারের এই উদ্যোগকে অভিহিত করেন মুক্তিযুদ্ধে দুই দেশের যৌথতার ইতিহাস ও মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের প্রতীকী প্রকাশ হিসেবে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম, মুক্তিযুদ্ধ একাডেমির চেয়ারম্যান আবুল আজাদ প্রমুখ।