ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় সন্ত্রাস জঙ্গিবাদ প্রতিরোধ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওসমানী স্মৃতি মিলনায়তনে গতকাল সম্মেলনে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: বাসস
ওসমানী স্মৃতি মিলনায়তনে গতকাল সম্মেলনে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: বাসস

সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সমাজ থেকে যেকোনো মূল্যে দুর্নীতি উচ্ছেদ করতে হবে এবং সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হবে।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিএএসএ) বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন শেখ হাসিনা।

জনগণের সেবার মনোভাব নিয়ে দায়িত্ব পালনে সিভিল প্রশাসনের কর্মকর্তাদের আহ্বান জানিয়ে বঙ্গবন্ধুর ভাষণের একটি অংশ উদ্ধৃত করে প্রধানমন্ত্রী বলেন, ‘সমস্ত সরকারি কর্মচারীকেই আমি অনুরোধ করি, যাদের অর্থে আমাদের সংসার চলে, তাদের সেবা করুন। যাদের অর্থে আজকে আমরা চলছি তাদের যাতে কষ্ট না হয়, তার দিকে খেয়াল রাখুন। যারা অন্যায় করবে তাদের কঠোর হস্তে দমন করবেন। কিন্তু সাবধান, একটা নিরপরাধ লোকের ওপরও যেন অত্যাচার না হয়।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এবং প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম এবং সচিব ফরিদ উদ্দীন আহমেদ চৌধুরীও অনুষ্ঠানে বক্তৃতা করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন।

ত্যাগের মানসিকতা নিয়ে রাজনীতি করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আদর্শ ও ত্যাগের মানসিকতা নিয়ে রাজনীতি করার জন্য স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, যাঁরাই এটা করতে পারবেন, তাঁরাই রাজনীতিতে এগিয়ে যাবেন।

গণভবনে গতকাল সকালে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘জনগণের কল্যাণের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্যই আমাদের রাজনীতি। কাজেই আমি স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের একটা কথাই বলব, আপনারা যারা জনগণকে কিছু দেওয়ার ও ত্যাগের মনোভাব নিয়ে রাজনীতি করবেন, তাঁরাই রাজনীতিতে এগিয়ে যাবেন।’

সংগঠনের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মোহম্মদ আবু কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংগঠনের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ বক্তৃতা করেন।

বৃত্তিমূলক শিক্ষা প্রসারের আহ্বান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে জ্ঞানভিত্তিক ও বৃত্তিমূলক শিক্ষাকে সন্নিবেশিত করে গোটা শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানোর আহ্বান জানিয়েছেন।

গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন স্কিলস ফর দ্য ফিউচার ওয়ার্ল্ড অব ওয়ার্ক অ্যান্ড টিবিইটি ফর গ্লোবাল কম্পিটিটিভনেস’ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। আইডিইবি ও আন্তদেশীয় রাষ্ট্রীয় সংস্থা কলম্বো প্ল্যান স্টাফ কলেজ (সিপিএসসি) ম্যানিলা, শিক্ষা মন্ত্রণালয় এবং ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিলের সহযোগিতায় এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, দক্ষ জনশক্তিই একটি দেশ ও জাতির সামষ্টিক উন্নয়নকে এগিয়ে নেওয়ার প্রধান হাতিয়ার। জ্ঞানভিত্তিক দক্ষতা ও প্রায়োগিক দক্ষতার সমন্বয়ে মানবসম্পদ উন্নয়নে শিক্ষাকে ঢেলে সাজাতে হবে। তাই কারিগরি শিক্ষাকে পর্যায়ক্রমে মূলধারার শিক্ষায় সম্পৃক্ত করতে হবে।