ইয়াবা পাচারের নিরাপদ স্থান কক্সবাজার সারা দেশে পরিচিতি পাচ্ছে। এটি কক্সবাজারের মানুষের জন্য অপমানজনক। দেশের কোথাও গিয়ে বাড়ি কক্সবাজার বললেই ইয়াবার অপবাদ শুনতে হয়। এ জন্য লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে কক্সবাজারকে ইয়াবামুক্ত করতে হবে। গতকাল সোমবার দুপুরে এক সভায় এসব কথা বলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমদ।
কক্সবাজার শহরের বাইপাস সড়ক এলাকার ‘উত্তরণ মডেল স্কুল অ্যান্ড কলেজ’-এর বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ উপলক্ষে ওই সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন লে. কর্নেল (অব.) ফোরকান আহমদ।
পাহাড়ি এলাকার সুবিধাবঞ্চিত ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য ‘উত্তরণ গৃহায়ণ সমবায় সমিতি’ ১৯৯৭ সালে তিন একর জমিতে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করে। বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৮০০ জন।
অনুষ্ঠানে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, শহরের ৬০ শতাংশ বাড়ি, বহুতল ভবন তৈরি হয়েছে অপরিকল্পিতভাবে। নালা দখল করে তৈরি হয়েছে অসংখ্য বহুতল ভবন। বর্ষায় পুরো শহরে জলাবদ্ধতা দেখা দেয়। সৈকতের কলাতলী এলাকার সড়কটি দখল করে তৈরি হয়েছে শত শত দোকানপাট, বাসের টিকিট কাউন্টার। জনবলসংকটের কারণে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা যাচ্ছে না।
লে. কর্নেল (অব.) ফোরকান আহমদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে আগ্রহী। এ জন্যই কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। কক্সবাজারের পাহাড় কাটা বন্ধ, প্রধান সড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পরিকল্পিত নগরায়ণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ জন্য সবার সহযোগিতা দরকার।
উত্তরণ গৃহায়ণ সমবায় সমিতির সভাপতি নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন শিক্ষাবিদ এম এম সিরাজুল ইসলাম, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, সাংবাদিক তোফায়েল আহমদ, কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক ফরিদ আহমদ, মুক্তিযোদ্ধা এস এম কামাল। শুভেচ্ছা বক্তব্য দেন উত্তরণ স্কুলের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন।