
৬৫ বছরের ইতিহাসে আওয়ামী লীগ বায়ান্নর ভাষা আন্দোলন, উনসত্তরের গণ-অভ্যুত্থান, সত্তরের নির্বাচন ও একাত্তরের মুক্তিযুদ্ধে বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছিল। এসব অর্জনের ওপর ভিত্তি করেই বাংলাদেশ গঠিত হয়েছে। ভবিষ্যৎ বাংলাদেশ গঠনেও আওয়ামী লীগ নেতৃত্ব দেবে এবং এমন আরও অর্জন থাকবে।
দেশবাসীকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ এ কথা বলেন৷
ভবিষ্যতে আর কী কী অর্জন করতে চান—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, ‘আগামী এলেই আপনারা দেখতে পাবেন।’
গতকাল সোমবার নানা আয়োজনে পালিত হয়েছে আওয়ামী লীগের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিনের প্রধান আয়োজন ছিল শোভাযাত্রা। বজ্রকণ্ঠে স্লোগান, বর্ণিল সজ্জা আর বাদ্যযন্ত্রের তাল—সব মিলিয়ে দুপুর থেকে শেষ বিকেল পর্যন্ত ঢাকার অধিকাংশ রাজপথ ছিল আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের দখলে। ব্যস্ত ঢাকার সড়ক ধরে চলা এসব আয়োজনের বিপরীতে ছিল দিনভর অসহনীয় যানজট আর নাগরিক ভোগান্তি।
গতকাল দিনের অনুষ্ঠান শুরু হয় ভোরে কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। সকালে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সময়ে তিনি দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে আওয়ামী লীগের সভাপতি হিসেবেও পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
পরে শেখ হাসিনা জাতীয় পতাকা উত্তোলন এবং কবুতর ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতা তোফায়েল আহমেদ, ইউসুফ হোসেন হুমায়ুন, মতিয়া চৌধুরী, সৈয়দ আশরাফুল ইসলাম, আবদুল লতিফ সিদ্দিকী, শেখ ফজলুল করিম সেলিম, সাহারা খাতুন প্রমুখ।
বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে থেকে ধানমন্ডি বঙ্গবন্ধু ভবন পর্যন্ত যায়। দুপুরে গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মী বাদ্য-বাজনা বাজিয়ে ট্রাকে, বাসে ও হেঁটে সোহ্রাওয়ার্দী উদ্যোনের দিকে আসতে থাকেন। শোভাযাত্রার আগে সমাবেশের জন্য মঞ্চ তৈরি করা হয় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ফটকে। বিকেল পাঁচটার দিকে বঙ্গবন্ধু ভবনের দিকে শোভাযাত্রা রওনা হয়। নেতা-কর্মীদের মুখে ছিল দলীয় প্রধানের পক্ষে নানা স্লোগান৷
শোভাযাত্রা রওনা হওয়ার সময় নির্ধারিত ছিল বেলা তিনটায়। বেলা একটায় মধ্যে নেতা-কর্মীরা শাহবাগ-মৎস্য ভবন সড়কে অবস্থান নিলে ওই পথে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়৷ গুরুত্বপূর্ণ এই সড়কটি বন্ধ হয়ে যাওয়া এবং ওই পথের যানবাহন বিকল্প পথে পাঠিয়ে দেওয়ার কারণে প্রেসক্লাব, শাহবাগ, সায়েন্স ল্যাবরেটরি, বাংলামোটরসহ আশপাশের এলাকা স্থবির হয়ে পড়ে। কয়েক ঘণ্টা ধরে নানা প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল আগমনের কারণে পুরো ঢাকাতেই এর প্রভাব পড়ে। বিকেলে শোভাযাত্রা ধানমন্ডির দিকে যাত্রা করলে মানুষের দুর্ভোগ চরমে পৌঁছে।
শোভাযাত্রার আগে সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, ‘আন্দোলন করে সরকারের পতন ঘটাতে চান। তাহলে সংলাপ কীসের? আন্দোলনের নামে নাশকতার করলে খবর আছে। বিষদাঁত ভেঙে দেওয়া হবে। বাংলাদেশে আর রাজনীতি করতে পারবেন না।’
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন বলেন, ‘আমরা ঐক্যবদ্ধ থাকলে বিএনপি কোনো আন্দোলনই করতে পারবে না।’
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে ওই সমাবেশে আরও বক্তব্য দেন সাহারা খাতুন, মোফাজ্জল হোসেন চৌধুরী, কামরুল ইসলাম, খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।