ভবিষ্যৎ বিজ্ঞানীদের মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু অসচেতনতা ও কর্তব্যে অবহেলার কারণে ঢাকার রাস্তায় দিনের বেলায় বাতি জ্বলতে দেখা যায়। যদি এগুলো দিনের আলোয় স্বয়ংক্রিয়ভাবে নিভে যেত, তবে বিদ্যুতের অনেকখানি অপচয় রোধ সম্ভব হতো। এ ভাবনা থেকে টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ইসরাত জাহান উদ্ভাবন করেছে ‘ডার্ক অ্যাক্টিভেটেড সুইচ’। এর মাধ্যমে বাতিগুলো দিনের আলোয় স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হবে।এ ধরনের প্রায় ২০০ বৈজ্ঞানিক প্রকল্প নিয়ে শুরু হয়েছে ৩৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা। গতকাল শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে এ মেলার উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান।মেলায় তরুণ ও খুদে বিজ্ঞানীরা প্রদর্শন করছে তাদের উদ্ভাবিত স্বয়ংক্রিয় যান্ত্রিক হাত, রাস্তায় সাশ্রয়ী আলো ব্যবস্থাপনা, জৈব বালাইনাশক, পরিবেশবান্ধব মশার কয়েল, আলু থেকে উৎপাদিত জৈব জ্বালানি ইথানল, আগুন লাগলে মুঠোফোনের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট জায়গায় তথ্য প্রেরণ, সাশ্রয়ী হিমাগার, সার্বক্ষণিক বিদ্যুৎ উৎপাদন পদ্ধতি থেকে শুরু করে পরিবেশবান্ধব গ্রাম ও শহর ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়।ইয়াফেস ওসমান বলেন, এ দেশের প্রতিটি মানুষের বিপুল উদ্ভাবনী ক্ষমতা রয়েছে, যা কাজে লাগিয়ে দেশকে উন্নত করা সম্ভব।অনুষ্ঠানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ সাইদুর রহমান বলেন, পর্যাপ্ত আর্থিক বরাদ্দ দেওয়া সম্ভব না হলেও জেলা পর্যায়ের প্রশাসন ও বিভিন্ন ব্যক্তির আন্তরিক প্রচেষ্টায় দেশের সব জেলায় একযোগে বিজ্ঞান মেলা আয়োজন করা সম্ভব হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. দবিরুল ইসলাম এবং বিজ্ঞান ও প্রযুক্তিসচিব মো. রফিকুল ইসলাম।প্রতিটি জেলায় অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় তিনটি বিভাগে বিজয়ীদের জাতীয় পর্যায়ের এ মেলায় আমন্ত্রণ জানানো হয়েছে। আগামীকাল সোমবার পর্যন্ত এ মেলা চলবে। আজ সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রদর্শনী এবং বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বিজ্ঞানবিষয়ক বক্তৃতা অনুষ্ঠিত হবে।আগামীকাল প্রদর্শনী চলবে সকাল ১০টা থেকে বেলা দুইটা এবং পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান বেলা তিনটায়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষে এ মেলার আয়োজন করে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। মেলার প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত।