ভয় দেখিয়ে চিঠি বিচারককে কারণ দর্শানোর নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠি জেলা হিসাবরক্ষণ কর্মকর্তাকে কারাদণ্ডাদেশের ভয় দেখিয়ে বকেয়া বেতন-ভাতার বিল ছাড়ানোর চেষ্টার অভিযোগে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. আল-আমীনকে কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছে। মুখ্য বিচারিক হাকিম (ভারপ্রাপ্ত) মো. শাহীদুল ইসলাম গত বুধবার এ নোটিশ দেন। তিন দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, গত ২৯ জুলাই জেলা হিসাবরক্ষণ কর্মকর্তাকে চিঠি পাঠানোর বিষয়ে বিচারকের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে কেন বিষয়টি পাঠানো হবে না সেই মর্মে আগামী তিন দিনের মধ্যে কারণ দর্শাতে নির্দেশ দেওয়া হলো।

ঝালকাঠি মুখ্য বিচারিক হাকিমের আদালত ও জেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. আল-আমীন ২০০৯ সালের জুলাই থেকে ২০১৩ সালের জুন পর্যন্ত বকেয়া বেতন বাবদ দুই লাখ ৩৪ হাজার ৪৫৭ টাকা দাবি করে একটি বিল জমা দেন। গত ১৬ জুলাই জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা এ বকেয়া দাবি অতিরিক্ত উল্লেখ করে সংশোধনের জন্য ফেরত পাঠান। চিঠিতে উল্লেখ করা হয়, ২০১৩ সালের এপ্রিল থেকে মূল বেতনসহ আর্থিক সুবিধা প্রদানে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে। চিঠি পাওয়ার পর বিচারক আল-আমীন হিসাবরক্ষণ কর্মকর্তাকে দাবি করা বিল পরিশোধ না করলে এক বছরের কারাদণ্ডাদেশের ভয় দেখিয়ে একটি পাল্টা চিঠি দেন।

চিঠিতে বিচারক বলেন, ‘আপনি হিসাবরক্ষণ কর্মকর্তা আমার দাবি করা বিল পাস না করে বিগত ১৬/৭/১৩ তারিখ সেটা আদালত বরাবরে ফেরত পাঠান। এ ধরনের কাজ আইনসংগত হয়নি। এই কাজ করে আপনি দণ্ডবিধির ১৬৬ ধারার অপরাধ করেছেন। এ ধরনের অপরাধ করলে সেই ব্যক্তি এক বছর বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন। সর্বোপরি হিসাবরক্ষণ কর্মকর্তা, ঝালকাঠিকে বিল গ্রহণ করে তা বিধি মোতাবেক নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া গেল। ব্যর্থতায় তাঁর বিরুদ্ধে আইনানুসারে আদেশ প্রচার করা হবে।’

এ চিঠি পাওয়ার পর জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা বিষয়টি লিখিতভাবে বরিশাল বিভাগীয় হিসাব নিয়ন্ত্রককে জানান। বিভাগীয় হিসাবনিয়ন্ত্রক মো. মোস্তফা কামাল পরে তা মহা হিসাবনিয়ন্ত্রক, ঢাকাকে জানান।

জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা শহীদুল আলম বলেন, ‘বিচারিক হাকিম মো. আল-আমীন আমাকে জেলের ভয় দেখিয়ে সরকারি নির্দেশনা চেয়ে দুই লাখ ২৪ হাজার ৯৬৩ টাকা বেশি আদায়ের চেষ্টা করেছেন। অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী তিনি পাবেন মাত্র নয় হাজার ৪৯৪ টাকা। সরকারি নির্দেশনা মানতে গিয়ে বিল ফেরত পাঠিয়েছি, তার পরও ভয়ে আছি।’

যোগাযোগ করা হলে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. আল-আমীন টেলিফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি জেলের ভয় দেখাইনি, আইনসংগতভাবে বিলের নিষ্পত্তি করার অনুরোধ করেছিলাম।’