ভয় না পেয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান আফরোজার
কোনো ধরনের ভয় না পেয়ে ভোটকেন্দ্রে গিয়ে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস।
গতকাল শুক্রবার প্রচারণাকালে রাজধানীর স্বামীবাগ আশ্রমে গিয়ে এ আহ্বান জানান আফরোজা আব্বাস। সেখানে উপস্থিত লোকজনকে উদ্দেশ করে তিনি বলেন, ‘কোনো ভয় করবেন না। ভোটকেন্দ্রে যাবেন, ভোট দেবেন। কেউ যাতে ভোট ডাকাতি করতে না পারে সে জন্য ভোটকেন্দ্র পাহারা দেবেন। আমরা ভোট ডাকাতির সুযোগ চাই না, ভোট ডাকাতির সুযোগ দিতেও চাই না।’
আফরোজা বলেন, ‘আমার স্বামীর (মির্জা আব্বাস) নামে মামলা রয়েছে। সরকার তাঁকে জামিন দেয়নি। আমি আপনাদের কাছে মগ প্রতীকে ভোট চাই।’ তিনি বলেন, ‘নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার অধিকার রয়েছে সবার। কিন্তু আমাদের দলের অনেকে নির্বাচনী প্রচারে অংশ নিতে পারছেন না। সরকার জামিন দিচ্ছে না, হয়রানি করছে। আমি আপনাদের কাছে নালিশ দিয়ে গেলাম।’
এর আগে বেলা তিনটার দিকে নারিন্দা রোডে মাধব গৌড়ীয় মঠে যান আফরোজা আব্বাস। সেখান থেকেই গতকাল নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি। পরে স্বামীবাগ ও নারিন্দার বিভিন্ন এলাকায় প্রচারণা চালান তিনি।
‘সরকারের ইচ্ছায় পরিচালিত ইসি’: গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তা, তোপখানা রোড, পুরানা পল্টন মোড়ে মির্জা আব্বাসের পক্ষে প্রচার চালান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। এ সময় তিনি বলেন, সিটি নির্বাচনে সেনা মোতায়েন নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আমাদের হতাশ করেছে। সেনা মোতায়েনের সিদ্ধান্ত থেকে ইসির পিছিয়ে আসা প্রমাণ করে তারা সরকারের ইচ্ছায় পরিচালিত হচ্ছে।’