পৌরসভা নির্বাচনে ধানের শীষের প্রার্থীদের জয়ী করে গণতন্ত্র পুনরুদ্ধারের পথে নেতা-কর্মীদের এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছিরউদ্দিন। তিনি বলেন, ঐক্যবদ্ধ প্রতিবাদ ও প্রতিরোধের অংশ হিসেবে নেতা-কর্মীদের পৌর নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। সব ধরনের হুমকি-ধমকি উপেক্ষা করে ভয়ভীতির ঊর্ধ্বে উঠে সাধারণ ভোটারদের সমর্থন আদায় করে বিএনপি প্রার্থীদের জয়ী করতে হবে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় চট্টেশ্বরী রোডের ডালিয়া কুঞ্জে পৌরসভা নির্বাচন নিয়ে দলের সমন্বয় বৈঠকে এসব কথা বলেন মীর নাছির। তিনি পৌরসভা নির্বাচনে দলের হয়ে বৃহত্তর চট্টগ্রামের মনিটরিং সেলের প্রধানের দায়িত্ব পালন করছেন। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় নির্বাচনী মনিটরিং সেলের সদস্য এস এম ফজলুল হক, কেন্দ্রীয় বিএনপির সহশ্রম-বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান ও সামসুল আলম এবং সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ।
বৈঠকে বিএনপি মনোনীত পৌর মেয়র প্রার্থীদের নির্বাচনী কার্যক্রম তদারকি, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কাজে অংশগ্রহণ নিশ্চিত করা, প্রচারণা-কৌশল, প্রশাসনিক কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
মীর নাছির দলীয় নেতাদের বলেন, সরকার মেয়র নির্বাচনের মতো এই নির্বাচনেও ভোট ডাকাতির চেষ্টা করলে ভোটকেন্দ্র থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
গোলাম আকবর খন্দকার বলেন, ‘নির্বাচনে বিজয়ের মাধ্যমে সরকারের ফ্যাসিবাদী মনোভাবের সমুচিত জবাব দেওয়া হবে। এ জন্য নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার বিকল্প নেই।’