ভরণপোষণ না দেওয়ায় মায়ের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে ভরণপোষণ না দেওয়ায় দুই ছেলে ও ছেলের স্ত্রীদের বিরুদ্ধে মামলা করেছেন মা আমেনা বেগম। গতকাল রোববার দুপুরে চাঁদপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম অসীম কুমার দে মামলাটি আমলে নিয়ে চারজনের বিরুদ্ধে সমন জারি করেছেন। আদালত আগামী ১১ সেপ্টেম্বর আসামিদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। আসামিরা হলেন বড় ছেলে সুলতান গাজী, তাঁর স্ত্রী সুমি বেগম, মেজ ছেলে শরীফ গাজী ও তাঁর স্ত্রী শেফালী বেগম।
মামলার এজাহার থেকে জানা যায়, চাঁদপুর সদর উপজেলার মৈশাদী গ্রামের মালেক গাজীর স্ত্রী আমেনা বেগমকে ভরণপোষণ না দিয়ে দীর্ঘদিন ধরে নানা অজুহাতে মারধর করে আসছেন আসামিরা। বাদীপক্ষের আইনজীবী এম এ হালিম পাটওয়ারী জানান, পিতা-মাতা ভরণ-পোষণ আইনে (২০১১) মামলাটি করা হয়েছে।