ভরণপোষণের কেউ না থাকলে বাল্যবিবাহ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিশেষ পরিস্থিতিতে’ অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়ের বিয়ের অনুমতির কথা বলা হয়েছে আইনে। তবে কী সেই বিশেষ পরিস্থিতি? সংজ্ঞা ঠিক করতে এবার বিধিমালার খসড়া তৈরি হলো। এতে বলা হচ্ছে, প্রেমের সম্পর্কের কারণে অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়ে নিজেরা বিয়ে করলে এবং মেয়েটি অন্তঃসত্ত্বা হলে বা সন্তানের মা হয়ে গেলে আদালত বিয়ের অনুমতি দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারবেন। আবার অপ্রাপ্তবয়স্ক মেয়েটির ভরণপোষণের উপযুক্ত নিকটাত্মীয় কেউ না থাকলে সে ক্ষেত্রেও আদালত তাঁর বিশেষ এখতিয়ার প্রয়োগ করতে পারবেন।
‘বাল্যবিবাহ নিরোধ বিধিমালা’ শিরোনামের এই খসড়া বিধি উপস্থাপন করা হলো মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের এক বৈঠকে। তবে ওই বৈঠকে উপস্থিত নারী অধিকারকর্মীদের কেউই বিধিমালার এসব বিষয়ের সঙ্গে একমত হননি।
বিধিমালায় আরও বলা হয়েছে, অন্তঃসত্ত্বা বা সন্তানের মা হওয়ার বিষয়টির সপক্ষে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার কাউন্সিলরের কাছ থেকে প্রত্যয়নপত্র নিতে হবে। আর আদালত প্রয়োজনে বিশেষ পরিস্থিতির সত্যতা যাচাইয়ে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা বা অন্য কোনো ব্যক্তির মাধ্যমে তদন্ত করতে পারবেন।
গতকাল রোববার বাংলাদেশ শিশু একাডেমীতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, সচিব নাছিমা বেগমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা এ খসড়া বিধিমালা নিয়ে বৈঠক করেন এনজিও, দাতা সংস্থা এবং নারী, শিশু ও মানবাধিকার নিয়ে কর্মরত আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে। বৈঠক শেষে অংশ নেওয়া একাধিক প্রতিনিধি প্রথম আলোকে জানিয়েছেন, তাঁরা এ খসড়ার বিশেষ বিধানের যুক্তির সঙ্গে একমত হতে পারেননি।
প্রতিনিধিরা বলেন, বিধির অন্য জায়গার তুলনায় এই বিশেষ বিধানটি নিয়েই বেশি আলোচনা হয়। এ জন্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সচিব প্রতিনিধিরা কেন বারবার এ বিষয়টিকে সামনে আনছেন, তা নিয়ে বিরক্তিও প্রকাশ করেন। কোনো কোনো প্রতিনিধিকে ‘আপনারা কি ঝগড়া করতে এসেছেন’ বলেও তিরস্কার করা হয়।
গত ২৭ ফেব্রুয়ারি বিভিন্ন মহলের আপত্তির মুখে বিশেষ প্রেক্ষাপটে কম বয়সে ছেলেমেয়েদের বিয়ের বিধান রেখে বাল্যবিবাহ নিরোধ বিল, ২০১৭ জাতীয় সংসদে পাস হয়। রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে এটি আইনে পরিণত হয়েছে।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রামের পরিচালক আবুল হোসেন প্রথম আলোকে বলেন, মন্ত্রণালয়ের খসড়াটি একেবারেই প্রাথমিক। বৈঠকে আলোচনার পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের (শিশু) নেতৃত্বে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এ কমিটিতে বেসরকারি সংগঠনের প্রতিনিধিরাও থাকবেন। বৈঠকের বাইরেও যাঁরা মতামত দিতে চান, তাঁদের কাছ থেকে আগামী সাত দিনের মধ্যে মতামত চাওয়া হয়েছে। সব মতামত একত্র করে একটি কর্মশালার আয়োজন করা হবে। তারপরই চূড়ান্ত হবে এ বিধিমালা।
গতকালের বৈঠকে উপস্থিত বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী প্রথম আলোকে বলেন, বিশেষ বিধানের যুক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অপ্রাপ্তবয়স্ক কোনো মেয়ের কাছের আত্মীয় কেউ না থাকলে, তাকে যেকোনো বয়সে বিয়ে দেওয়া কোনো সমাধান নয়।
এই শিশুদের দায়িত্ব নেবে সরকার। আর অপ্রাপ্তবয়স্কদের প্রেম, সন্তানের মা হওয়া বিষয়গুলো সামাল না দিয়ে তাদের বিয়ে দেওয়ার কথা বলার কোনো মানে হয় না।
সালমা আলী বলেন, এ ধরনের বিধিমালা তৈরির প্রতিবাদে পর্যালোচনা কমিটিতে তিনি নাম দেননি। তিনি বলেন, এ কমিটিতে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির কেউ অংশ নেবেন না।
বৈঠকে থাকা ‘আমরাই পারি’ জোটের জাতীয় সমন্বয়কারী জিনাত আরা হক প্রথম আলোকে বলেন, বৈঠকে উপস্থিত বেসরকারি প্রতিনিধিরা এ বিধির সঙ্গে একমত হননি। আইনেও ‘বিশেষ প্রেক্ষাপট’ ‘সর্বোত্তম স্বার্থ’ ‘প্রযোজ্য ক্ষেত্রে’ শব্দগুলোর কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। প্রেমের মানদণ্ড কী হবে, তাও তো নির্ধারণ করতে হবে।
খসড়া বিধিতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে সভাপতি করে ১৬ সদস্যের একটি জাতীয় কমিটি গঠনের কথা বলা হয়েছে। জেলা প্রশাসককে সভাপতি করে ১৫ সদস্যের জেলা কমিটি, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে ১২ সদস্যের কমিটি এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সভাপতি করে (৭ সদস্য) আরেকটি কমিটি হবে বলে উল্লেখ করা হয়েছে।