
ভরতনাট্যমের নাচের ছন্দে মঞ্চ মাতালেন স্কুল অব ওরিয়েন্টাল ড্যান্সের শিল্পীরা। আসরের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল উপভোগ্য। শিল্পীদের নাচের মুদ্রা ও অভিব্যক্তি যেন ক্ষণে ক্ষণে নাটকীয় মুহূর্ত তৈরি করেছে। ২৭ আগস্ট সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে অনুষ্ঠিত এই আসরের নৃত্যনির্দেশনায় ছিলেন শিল্পী শুভ্রা সেনগুপ্তা।
সন্ধ্যা সাতটায় মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মাধ্যমে শুরু হয় আয়োজন। শুরুতে ভরতনাট্যম প্রসঙ্গে বলেন সুবীর দাশ ও জি এম আব্দুস সালাম। এরপর অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার।
আসর শুরু হয় ‘আলারিপ্পু’ পর্যায়ের নাচের মাধ্যমে। ভরতনাট্যমে ভূমিকা হিসেবে পরিচিত এই পর্যায়ের নাচের মধ্য দিয়ে ওরিয়েন্টাল ড্যান্সের শিল্পীরা ফুলের পাপড়ির মতো নিজেদের মেলে ধরেন। শিল্পীরা তাঁদের গুরু ও স্রষ্টার আশীর্বাদ প্রার্থনা করেন। এরপর একে একে শিল্পীরা পরিবেশন করেন ‘শিব বন্দনা’ ও ‘যতিস্বরম’।
এরপর ছিল শিল্পী শুভ্রা সেনগুপ্তার ‘বর্ণম’ নৃত্যের ছন্দময় পরিবেশনা। দক্ষিণ ভারতের সংগীতের নানা রাগে ও নানা কাহিনি অবলম্বনে রচিত ‘বর্ণম’ ভরতনাট্যমের সবচেয়ে জটিল ও দুরূহ পর্যায়ের নাচ। সেই দুরূহ কাজটি সাবলীলভাবে করলেন শুভ্রা। নৃত্যাভিনয়ের মাধ্যমে দর্শকের হৃদয় যেন রাঙিয়ে তুললেন তিনি। তাঁর নাচের মুদ্রা বিন্যাস ও পায়ের কাজের সমন্বয় মুগ্ধ করেছে দর্শকদের।
আয়োজনে ভিন্ন মাত্রা যোগ করে যন্ত্রসংগীতের সঙ্গে ভরতনাট্যম পরিবেশনা।
প্রাচ্য ও পাশ্চাত্যের বিভিন্ন বাদ্যযন্ত্রের ছন্দে দলগত নাচ ছিল উপভোগ্য। এরপর ছিল ‘তিল্লানা’ পর্যায়ের নাচের পরিবেশনা। সবশেষে ‘মঙ্গলম’ পরিবেশনার মাধ্যমে দর্শকদের উদ্দেশে অর্ঘ্য নিবেদন করেন স্কুল অব ওরিয়েন্টাল ড্যান্সের শিল্পীরা। এর মাধ্যমে শেষ হয় আসরের। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবৃত্তিশিল্পী ফারুক তাহের।