ভরদুপুরে হেরোইনের জন্য মাদকসেবীদের ভিড়!
‘আমারে বাঁচাও, মারা গেলাম।’ মাদক না পেয়ে চিৎকার করছিলেন ঢাকার মিরপুরের ফারুক হোসেন (২২)। হেরোইনের জন্য বসে কাঁদছিলেন মিরপুরের বিপ্লব (২৩)। আর থেমে থেমে রক্তবমি করছিলেন সাভারের ব্যাংক কলোনির রাসেল (২০)। তাঁদের মতো আরও পাঁচ শতাধিক যুবক ছটফট করছিল ভয়াবহ মাদক হেরোইনের জন্য। অপেক্ষায় ছিল কখন মাদক ব্যবসায়ী মুন্না আসবেন এবং তাঁর কাছ থেকে হেরোইন কিনবে।গত রোববার দুপুর সাড়ে ১২টায় ঢাকার সাভার বাসস্ট্যান্ডের খসরুবাগ এলাকার পোলট্রি ফিড মার্কেটের একটি গলির দৃশ্য এটি। এই গলিতেই মুন্নার বাসা। মার্কেটের পেছনে শনিবার রাতে জোড়া খুন হওয়ায় মুন্না ছিলেন পলাতক। এ কারণে রোববার সকাল থেকে হেরোইন বিক্রি বন্ধ থাকায় এত বেশি মাদকসেবী সেখানে জড়ো হয়।এলাকাবাসী ও পোলট্রি ফিড মার্কেটের ব্যবসায়ীরা জানান, প্রতিদিন সহস্রাধিক মাদকসেবী এখানে হেরোইন কিনতে আসে। অথচ এই মার্কেট থেকে মাত্র ২৫০ গজ দূরে সাভার মডেল থানা। পুলিশের বিরুদ্ধে হেরোইন ব্যবসায়ীর কাছ থেকে আর্থিক সুবিধা গ্রহণের অভিযোগ করেছেন এলাকাবাসী। স্থানীয় লোকজনের সঙ্গে আলাপ করে জানা গেছে, প্রায় ২০ বছর আগে মুন্না সাভারে একটি হোটেলে কাজ করতেন। বছর ১৫ আগে সেখানকার ইমান্দিপুর এলাকার মাদক ব্যবসায়ী আলমগীরের সঙ্গে তাঁর পরিচয় হয়। এরপর মুন্না জড়িয়ে পড়েন মাদক ব্যবসায়। ছয় বছর আগে আলমগীর খুন হওয়ার পর সাভারে এ ব্যবসায় আধিপত্য বিস্তার করছেন মুন্না। হেরোইন বিক্রি করে ইতিমধ্যে তিনি সাভারের জামসিং, কলমা ও খসরুবাগে চারটি বাড়ি করেছেন। এ ছাড়া ঢাকায়ও তাঁর একাধিক ফ্ল্যাট রয়েছে বলে এলাকাবাসী জানান। স্থানীয় লোকজন ও হেরোইনসেবীরা জানায়, মুন্না ও তাঁর স্ত্রী শিল্পী বেগম ভাড়াটে যুবকদের দিয়ে নিয়মিত হেরোইন বিক্রি করেন।দুর্ভোগে সাধারণ ব্যবসায়ীরা: পোলট্রি ফিড ব্যবসায়ী শাহীন এন্টারপ্রাইজের মালিক শামীম আহমেদ বলেন, মুন্নার কারণে এখানে ব্যবসা করাই মুশকিল হয়ে গেছে। মুন্না একাধিক মামলার আসামি হয়েও বাসায় বসে নিরাপদে নিয়মিত হেরোইন বিক্রি করছেন।খসরুবাগের পোলট্রি ফিড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এইচ এম ফরিদ উদ্দিন বলেন, এক যুগেরও বেশি সময় ধরে মুন্না খসরুবাগের বাসা থেকে প্রকাশ্যে হেরোইনের ব্যবসা করছেন। অথচ পুলিশ তেমন কিছুই করছে না। পোলট্রি ফিড মার্কেটের শ্রমিক করিম, আবদুল জলিল ও রহমানসহ আরও অনেকে জানান, হেরোইনসেবীদের ভয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত তাঁরা স্বাভাবিকভাবে কাজ করতে পারেন না। প্রায়ই তারা জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। গত রোববার মুন্নার বাসা তালাবদ্ধ থাকায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে খসরুবাগ এলাকার পাশে একটি বাসায় তাঁর স্ত্রী শিল্পী বেগমের সঙ্গে কথা হয়। তিনি হেরোইন বিক্রির কথা স্বীকার করে ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘হেরোইন বিক্রি করি তো কী হয়েছে। এ জন্য সাভার থানাসহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থাকে নিয়মিত মাসোহারা দিই। শুধু সাভার থানাকেই দেওয়া হয় মাসে অর্ধ লাখ টাকা। ওই থানার এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) কাছে মাস শেষে এ টাকা পৌঁছে দেওয়া হয়।’পুলিশের বক্তব্য: ওই এএসআই তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমাকে ফাঁসানোর জন্য এ অভিযোগ করা হয়েছে।’পোলট্রি ফিড মার্কেটের পেছনে হেরোইন বিক্রির বিষয়টি নিশ্চিত করে সাভার থানার উপপরিদর্শক (এসআই) হারেজ শিকদার বলেন, মুন্নার বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ বিভিন্ন ধরনের একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। তাঁকে বেশ কয়েকবার গ্রেপ্তারও করা হয়েছে। কিন্তু জামিনে মুক্তি পেয়ে আবার তিনি মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, ‘আমি যত দিন এখানে ওসির দায়িত্ব পালন করব, তত দিন অন্তত মুন্না হেরোইনসহ কোনো ধরনের মাদক ব্যবসা করতে পারবেন না।’