ভরসা খুঁজে ফিরছে বিএনপি-আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মাসে অনুষ্ঠিত চার সিটি করপোরেশনের নির্বাচনে বিজয়ে উজ্জীবিত বিএনপি আশা করছে, সেই বিজয়ের হাওয়া এসে লাগবে গাজীপুরে। যে বিষয়গুলো ওই চারটির বিজয়ে ভূমিকা রেখেছে, সেগুলোই বিচার্য হবে এই নবীন সিটি করপোরেশনে। কিন্তু স্থানীয় আওয়ামী লীগের কথা, গাজীপুর অন্য সিটি করপোরেশনগুলোর মতো নয়। এটি সেই অঞ্চল, যেখানে ১৯৯১ সালের পর আজকের সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত সংসদীয় আসনে কোনো দিন জয় পায়নি বিএনপি। ২০০১ সালে বিএনপির ভূমিধস বিজয়েও গাজীপুর জেলায় চারটির মধ্যে তিনটি আসন পেয়েছিল আওয়ামী লীগ।

বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী এম এ মান্নানের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী হাসান উদ্দিন সরকারের মতো সাধারণ কর্মীদের মতে, মানুষ ধরে নিয়েছে যে আওয়ামী লীগ জিতবে না, এই ধারণা তাদের নির্বাচনে জেতাবে। বিএনপির আরেক আশার জায়গা জাতীয় পার্টির সমর্থন।

সংসদীয় আসন গাজীপুর-২ ও আরও তিনটি আসনের পাঁচটি ইউনিয়ন মিলিয়ে গাজীপুর সিটি করপোরেশন। এই আসনের আওয়ামী লীগের সাংসদ জাহিদ হাসান রাসেল বলেন, করপোরেশন এলাকার প্রায় ৬০ ভাগ ভোটার গাজীপুর-২ সংসদীয় আসনের। গত সংসদ নির্বাচনে এক লাখ ২৫ হাজার ৪৩২ ভোটের বিশাল ব্যবধানে জেতেন তিনি। গত সংসদ নির্বাচনে কোনাবাড়ি, কাউলতিয়া, বাসন, কাশিমপুর, পুবাইলের ভোট যোগ করলে আওয়ামী লীগের ভোটের ব্যবধান দাঁড়ায় এক লাখ ৯২ হাজারের বেশি। ২০০১ সালে বিএনপির গণজোয়ারের সময় সিটি করপোরেশন এলাকার আসনটিতে বিএনপির প্রার্থীর চেয়ে প্রায় ৭৩ হাজার ভোটের ব্যবধানে জয়ী হন বর্তমান সাংসদ জাহিদ হাসানের প্রয়াত বাবা আহসানউল্লাহ মাস্টার। ১৯৯৬ সালেও জিতেছিলেন বিপুল ব্যবধানে। সেই জোয়ারের হিসাব মূল্যায়নে না নিলেও, এটাও তো বিচারে নিতে হয় যে বিএনপি ১৯৯১ সালের পর সিটি করপোরেশন এলাকার কোনো নির্বাচনে জিতেনি। টঙ্গী ও গাজীপুর দুটি পৌরসভায় দীর্ঘদিন ধরে আছেন আওয়ামী লীগের মেয়র ও কাউন্সিলররা।

জীবনের প্রতিটি নির্বাচনে আহসানউল্লাহ মাস্টারের কাছে হেরেছেন এম এ মান্নান। ১৯৯০ সালের উপজেলা নির্বাচনে গাজীপুর সদর উপজেলা থেকে মান্নানকে হারিয়ে জয়ী হন তিনি। ১৯৯১ সালে আহসানউল্লাহ মাস্টার মনোনয়ন পাননি। সেই নির্বাচনেই কেবল আবদুল মান্নান জেতেন। গাজীপুর স্থানীয় সরকার বা জাতীয় পর্যায়ের কোনো নির্বাচিত প্রতিষ্ঠানে তিনি নেই ২২ বছর। গাজীপুর-১ আসনের আওয়ামী লীগের সাংসদ আ ক ম মোজাম্মেল হক বলেন, এম এ মান্নান জীবনের ছয়টি নির্বাচনের পাঁচটিতেই পরাজিত হয়েছিলেন। বারবার পরাজিত প্রার্থীকে মানুষ সাদরে নেবে না। আওয়ামী লীগ নেতা সাইদুর রহমানের কথা, এম এ মান্নান দীর্ঘদিন এলাকায় ছিলেন না। এটা ভোটারদের সিদ্ধান্ত নিতে ভূমিকা রাখবে। তবে তাঁর এই মন্তব্যে একমত নন টঙ্গী উপজেলা বিএনপির সভাপতি এস এম শাহানশাহ আলম। তিনি মনে করেন, আজমত উল্লা দীর্ঘদিন ধরে পৌর এলাকায় তেমন কোনো উন্নয়নকাজ করেননি। জাতীয় বিষয়গুলোর সঙ্গে এসব বিষয় মানুষ বিবেচনা করেই মান্নানকে জিতিয়ে দেবে।