ভরসা চাঁদের গাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ৃৃখাগড়াছড়ি জেলার কোনো স্থানে অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎ ক্ষণিকভাবে পুলিশের যাওয়ার সুযোগ নেই। আর ঘটনার খবর পেয়ে রিক্যুইজিশন করা চাঁদের গাড়ি (জিপ) নিয়ে যেতে যেতে ঘটনা সৃষ্টিকারী ব্যক্তিরা সটকে পড়ে। কারণ, চাঁদের গাড়িতে দ্রুত যাওয়ার সুযোগ নেই। অথচ পরবর্তী সময়ে দায়িত্বে অবহেলার বদনাম রটে পুলিশের ওপর। কথাগুলো আক্ষেপ করে বললেন জেলা পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা।খাগড়াছড়ি জেলার পুলিশ প্রশাসনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বড় সমস্যা যানবাহন। জেলার আটটি উপজেলা ও নয়টি থানার আইনশৃঙ্খলা রক্ষার কাজে টহলের একমাত্র ভরসা রিক্যুইজিশন করা চাঁদের গাড়ি। ডিবি ও ডিএসবির জন্য কোনো যানবাহন বা মোটরসাইকেল নেই। পুলিশ হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স থাকলেও সেটি অনেক পুরোনো। অ্যাম্বুলেন্সটি রোগী নিয়ে দূরবর্তী স্থানে যেতে পারে না।জেলা পুলিশ সূত্রে জানা গেছে, বর্তমানে খাগড়াছড়ি জেলা পুলিশের যানবাহন রয়েছে ২২টি। তাঁর মধ্যে পিকআপ রয়েছে ১০টি। ভালো একটি পিকআপ ব্যস্ত থাকে ভিআইপিদের নিরাপত্তাকাজে। রামগড়, মাটিরাঙ্গা, দীঘিনালা, পানছড়ি ও লক্ষ্মীছড়ি থানার পিকআপগুলো প্রায় অকেজো। সদর সার্কেলের সহকারী পুলিশ সুপারের ব্রিটিশ আমলের জিপটিও প্রায় অকেজো। এতে সদর এলাকায় কোনো রকম চলাচল করা যায় বলে পুলিশ সূত্র জানায়। ধাক্কিয়ে স্টার্ট করতে হয়, এ ধরনের পিকআপ রয়েছে পাঁচটি। ট্রাক রয়েছে তিনটি, এর মধ্যে অকেজো দুটি। জেলায় পুলিশের মোটরসাইকেল রয়েছে ১৮টি, এর মধ্যে নষ্ট হয়ে পড়ে আছে পাঁচটি। বাকি ১৩টির অবস্থাও তেমন ভালো নয়। জেলা শহরে প্রতিদিন ভ্রাম্যমাণ দুটি টহল দল দায়িত্ব পালনের জন্য দুটি জিপ রিক্যুইজিশন করতে হয়। কোনো স্থানে সড়ক দুর্ঘটনা ঘটলে যানবাহন উদ্ধারে পুলিশের কোনো এনলোডার গাড়ি নেই। সড়ক ও জনপথ অধিদপ্তর থেকে অনুরোধ করে নিতে হয়।উপজেলার থানাগুলোয় আইনশৃঙ্খলা রক্ষার কাজে প্রতিদিন একটি গাড়ি রিক্যুইজিশন করতে হয়। খাগড়াছড়ি জিপ মালিক সমিতির দীঘিনালা উপজেলার দায়িত্বপ্রাপ্ত লাইনম্যান মো. মোজাফফর জানান, পুলিশের টহলকাজের জন্য থানায় প্রতিদিন একটি গাড়ি দিতে হয়। মাসে ১৫ দিন জিপ সমিতি এবং বাকি ১৫ দিন পার্বত্য যানবাহন মালিক সমিতির গাড়ি থানায় নিয়োজিত থাকে। খাগড়াছড়ির পুলিশ সুপার আবু কালাম সিদ্দিক যানবাহন-সমস্যার সত্যতা স্বীকার করে বলেন, ‘পুলিশের যে গাড়িগুলো রয়েছে, তা অনেক পুরাতন। পুলিশের যানবাহন-সমস্যার বিষয়টি আমরা স্থানীয় সাংসদসহ পুলিশ সদর দপ্তরকে জানিয়েছি।’