ভরসা ছড়া ও কুয়ার পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রামে নলকূপ নেই। ছড়া থেকেই পানি সংগ্রহ করেন ছোট মেরুংপাড়ার বাসিন্দারা l প্রথম আলো
গ্রামে নলকূপ নেই। ছড়া থেকেই পানি সংগ্রহ করেন ছোট মেরুংপাড়ার বাসিন্দারা l প্রথম আলো

উপজেলা সদর থেকে দূরত্ব ২০ কিলোমিটার। পাকা সড়ক পর্যন্ত চলে যানবাহন। এরপর গ্রামটিতে যেতে হলে চার কিলোমিটার পথ হাঁটতে হয়। দুর্গম এই গ্রামে নেই বিশুদ্ধ পানির ব্যবস্থা। পাহাড়ি ছড়া ও কুয়ার পানিই ভরসা। খাগড়াছড়ির দীঘিনালার মেরুং ইউনিয়নের ছোট মেরুংপাড়ার চিত্র এটি।
সম্প্রতি ছোট মেরুংপাড়ায় গিয়ে দেখা যায়, কয়েকজন আদিবাসী নারী ছড়া থেকে পানি সংগ্রহ করে বাড়ি ফিরছিলেন। তাঁরা জানান, গ্রামের সবাই পান করেন ছড়া ও কুয়ার পানি। বর্ষা মৌসুমে গ্রামের বাসিন্দাদের একরকম বন্দী জীবন যাপন করতে হয়। ছড়ার ওপর সেতু না থাকায় বর্ষায় স্রোতের কারণে ছড়া পার হওয়া যায় না।
লিসা চাকমা, রেকি চাকমাসহ কয়েকজন নারী জানান, তাঁদের ভরসা ছড়ার পানি। গোসল থেকে শুরু করে তৃষ্ণা মোটানো—সবই করতে হয় এই পানি দিয়ে। বর্ষাকালে খরস্রোতা ছড়ার কারণে গ্রামবাসী বিচ্ছিন্ন হয়ে পড়লেও পানির সংকটে ভুগতে হয়। কারণ, তখন ছড়ার বুকে কুয়া খনন করা যায় না। গ্রামের রসিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও ছড়ার পানি পান করে।
দয়া রঞ্জন চাকমা, সুরেশ কুমার চাকমা, কালাধন চাকমাসহ বেশ কয়েকজন গ্রামবাসী বলেন, গ্রামে যাতায়াতে জন্য কোনো রাস্তা নেই। জঙ্গলবেষ্টিত ছোট রাস্তা দিয়ে তাঁরা চলাচল করেন। বর্ষা মৌসুমে গ্রামের লোকজন বন্দীর মতো জীবন যাপন করতে বাধ্য হয়। বর্ষায় ছড়ায় পানি এলে তীব্র স্রোতের কারণে বিশুদ্ধ পানি সংগ্রহ করা কঠিন হয়ে পড়ে।
১ নম্বর মেরুং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশারফ হোসেন ছোট মেরুংপাড়ার দুরবস্থার কথা স্বীকার করে বলেন, ‘গ্রামবাসী আমার কাছে সমস্যার কথা বলেছেন। আমি গ্রামে রাস্তা নির্মাণ করার চেষ্টা করছি। ছোট মেরুং ছড়ার ওপর সেতু নির্মাণের জন্য ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তরে তালিকা দেওয়া হয়েছে। আর বিশুদ্ধ পানির জন্য গ্রামে রিং টিউবওয়েল স্থাপন করতে হবে। সে ব্যাপারে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সঙ্গে আলাপ করা হবে।’