ভরসা নড়বড়ে সাঁকো!
বর্ষাকাল। নদে প্রবল স্রোত। ওপরে বাঁশের নড়বড়ে সাঁকো। এর ওপর দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সব শ্রেণী-পেশার মানুষ যাতায়াত করছে।এই সাঁকোটি ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরের সাব-রেজিস্ট্রার কার্যালয়ের পাশে কুমার নদের ওপর। এখানে একটি সেতু না থাকায় উপজেলার নগরকান্দা পৌরসভা, লস্করদিয়া, ফুলসুতি, কাইচাল, কোদালিয়া ও শহীদনগর ইউনিয়নের ৩০ হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। দুই পারের লোকজন নানা প্রয়োজনে সাঁকোটি ব্যবহার করে।সাঁকোটি উত্তর থেকে দক্ষিণমুখী। উত্তর পারে (এপার) নগরকান্দা উপজেলা শহরের সাব-রেজিস্ট্রারের কার্যালয়, হাটবাজার ও গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান। দক্ষিণ পারে (ওপার) কিছুটা অনুন্নত। নগরকান্দার এমএন একাডেমি, শহীদ আকরামুন্নেসা বালিকা উচ্চবিদ্যালয়, নগরকান্দা সরকারি প্রাথমিক মডেল স্কুল, মাল্টিমিডিয়া প্রি-ক্যাডেট স্কুল, ইসলামিয়া আদর্শ শিশুশিক্ষালয় ও নগরকান্দা কলেজ কুমার নদের এপারে অবস্থিত। এ কারণে প্রতিদিন কয়েক হাজার শিক্ষার্থীকে ঝুঁকি নিয়ে এ সেতু দিয়ে এপারে আসতে হচ্ছে।শনি ও মঙ্গলবার নগরকান্দায় হাটের দিন ওপারের ব্যবসায়ী ও ক্রেতাদের দুর্ভোগ বেড়ে যায়। ওপার থেকে এপারের হাটে পণ্য আনতে জুঙ্গুরদী এলাকার সেতু পার হয়ে অনেক ঘুরে আসতে হয়। এতে নগরকান্দা সদরে তীব্র যানজটের সৃষ্টি হয়। নগরকান্দা এমএন একাডেমির প্রধান শিক্ষক বেলায়েত হোসেন বলেন, কুমার নদের ওই স্থানে সেতু না থাকায় আমার বিদ্যালয়ের ৬০০ জন ছাত্রছাত্রীর সমস্যা হচ্ছে।নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার বলেন, ‘ওই জায়গায় একটি সেতু নির্মাণ করা প্রয়োজন। আমি বিষয়টি স্থানীয় সাংসদ ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে জানিয়েছি। নেত্রীর ছেলে আয়মন আকবর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি সেতু নির্মাণের জন্য সার্বিক সাহায্য করার আশ্বাস দিয়েছেন।’