
সেতুর ওপরের ঢালাই ভেঙে রড বেরিয়ে গেছে। পিলারগুলোর রডও বেরিয়ে আছে। তিন চাকার ছোট যান উঠলেই সেতুটি কাঁপতে থাকে। দুই বছর আগে সেতুটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে কর্তৃপক্ষ। তবু আশপাশের অন্তত ১০ গ্রামের মানুষ এ সেতু দিয়েই চলাচল করছে।
এই অবস্থা মানিকগঞ্জ জেলা শহরের অদূরে নতুন বসতি সেতুটির। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সদর উপজেলা কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৮৭ সালে জেলা সদরের দিঘী ইউনিয়নের নতুন বসতি খালের ওপর এই সরু সেতু নির্মাণ করা হয়। ২০১৫ সালে সেতুটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে এলজিইডি। এরপর বেহাল এ সেতুর পাশে নতুন একটি সেতু নির্মাণের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। ওই বছরই সেতু নির্মাণের জন্য মাটি পরীক্ষা ও সেতুর নকশা প্রণয়ন করা হয়। ৩০ মিটার দৈর্ঘ্য ও ৭ দশমিক ৩ মিটার প্রস্থের নতুন সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয় ১ কোটি ৫০ লাখ টাকা। তবে অর্থ বরাদ্দের অভাবে সেতুর নির্মাণকাজ শুরু করা যায়নি।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় ৩০ বছর আগে জেলা শহর থেকে এক কিলোমিটার দূরে নতুন বসতি খালের ওপর সেতুটি নির্মাণ করা হয়। সে সময় জনবসতি কম থাকায় সেতুটিও সরু করে নির্মাণ করা হয়। সেতুটি চওড়া কম হওয়ায় এতে বড় ধরনের যান চলাচল করতে পারে না। বর্তমানে সেতুটির গুরুত্ব অনেক বেড়ে গেছে। আশপাশের গ্রামের কৃষকদের উৎপাদিত ধান, ভুট্টা, সরিষা, তামাক, পাটসহ অন্যান্য শস্য ছোট ট্রলি, টেম্পো বা রিকশা-ভ্যানে করে হাটবাজারে নিতে হয়। এতে তাঁদের বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। পাশাপাশি ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে।

গত রোববার দুপুরে সরেজমিনে দেখা যায়, সেতুটির পিলার এবং ওপরের বিভিন্ন অংশে খোয়া ও বালু উঠে রড বেরিয়ে গেছে। এসব রডে মরিচা ধরে গেছে। সেতুটির রেলিংও ভেঙে ভেঙে পড়ছে। তবু ঝুঁকি নিয়ে সেতুর ওপর ছোট যানবাহন ও মানুষ চলাচল করছে।
সেতুর পশ্চিম প্রান্তের মুদিদোকানি শিবলু মিয়া বলেন, সেতুটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। একটা টেম্পো উঠলেই সেতুটি কেঁপে ওঠে। পাঁচ বছর ধরে এলাকাবাসী এখানে নতুন একটি সেতুর দাবি জানিয়ে এলেও কোনো সুফল মেলেনি। তিনি বলেন, ‘ব্রিজটা (সেতু) ধইস্যা না পড়লে নতুন ব্রিজ অইবো বইলা মনে অইতাছে না।’
দিঘী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ফুলচান মিয়া বলেন, জেলা সদরের কাছের নতুন বসতি, দিঘী, কয়রা, পিতলাই, খরসতাই, রৌহাদহ, ছুটি ভাটবাউরসহ অনন্ত ১০টি গ্রামের মানুষ এই সেতু দিয়ে জেলা শহরে যাতায়াত করে। সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় এসব গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ বিপাকে পড়েছে। এ ছাড়া এসব গ্রামে তিন ফসলি জমির উৎপাদিত কৃষিপণ্য হাটবাজারে নিতেও ভোগান্তি পোহাচ্ছেন কৃষকেরা।
সদর উপজেলা উপসহকারী প্রকৌশলী মোশারফ হোসেন বলেন, নতুন সেতু নির্মাণের জন্য দেড় কোটি টাকা বরাদ্দ নির্ধারণ করা হলেও উপজেলার মাসিক উন্নয়ন সভায় উপস্থিত কয়েকজন সদস্য এতে আপত্তি তোলেন। এক কোটি টাকার মধ্যে এটি নির্মাণ করা যায় কি না, তা নিয়ে আলোচনা হয়। এরপর সে অনুযায়ী সেতু নির্মাণের নতুন নকশা করা হয়। এরপরও বরাদ্দ না পাওয়ায় সেতু নির্মাণের কাজ শুরু করা যাচ্ছে না।
উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, নতুন বসতি খালের ঝুঁকিপূর্ণ ওই সেতুর পাশে নতুন একটি সেতু নির্মাণের প্রস্তাব এলজিইডির প্রধান প্রকৌশলীর কার্যালয়ে পাঠানো হয়েছে। ভূমি জরিপ, নকশা প্রণয়নসহ আনুষঙ্গিক কাজের অনুমোদনের পর বরাদ্দ পেলে সেতুটির কাজ শুরু করা যাবে।