ভরসা যখন নগর মাতৃসদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহানারা বেগম মেয়ের স্বাস্থ্য পরীক্ষা করাতে এসেছেন হাজারীবাগের নগর মাতৃসদনে। মেয়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। নিয়মিত এখানে স্বাস্থ্য পরীক্ষা করাতে আসেন। সেবার মান নিয়ে তাঁরা সন্তুষ্ট।
স্থানীয় সরকার বিভাগের আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস প্রকল্পের অধীনে পরিচালিত হচ্ছে এই নগর মাতৃসদন। এর বাস্তবায়নে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। একটি বেসরকারি প্রতিষ্ঠান মাতৃসদনটি পরিচালনার দায়িত্বে রয়েছে। প্রতি পাঁচ বছর অন্তর মাতৃসদনটি কোন এনজিও পাবে, তার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে শুরু থেকে এটি পেয়ে আসছে অ্যাসোসিয়েশন ফর প্রিভেনশন অব সেপটিক অ্যাবরশন, বাংলাদেশ (বাপসা)। লালবাগ ও হাজারীবাগের ছয়টি ওয়ার্ড মিলে এ নগর মাতৃসদন।
মাতৃসদনটি হাজারীবাগের ২২ নম্বর ওয়ার্ডে মানিক বাবুর ঢাল নামে পরিচিত এলাকায় অবস্থিত। তিনতলা ভবনে শয্যার সংখ্যা ২০টি। প্রতিদিন বহির্বিভাগে প্রায় ১৫০ জন রোগী আসে। অন্তর্বিভাগটি শুধু প্রসূতি মায়েদের জন্য। গত আগস্টে অস্ত্রোপচারে বাচ্চা হয়েছে ৫৪টি এবং স্বাভাবিক প্রসবে হয়েছে ১৩৬টি।
গতকাল সোমবার মাতৃসদনে গিয়ে দেখা যায়, নারী-পুরুষ উভয়েই চিকিৎসকের সাক্ষাতের জন্য অপেক্ষা করছেন। হাজারীবাগেই থাকেন আরজু আক্তার। গর্ভকালীন স্বাস্থ্য পরীক্ষা করাতে এসেছেন। তিনি বলেন, ‘আমার প্রথম বাচ্চাও এইখানে হইছে। ১ হাজার টাকা লাগছে। চিকিৎসা ভালো।’
বহির্বিভাগে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রোগী দেখা হয়। এ ছাড়া ২৪ ঘণ্টা খোলা থাকে। এখানে প্রজনন স্বাস্থ্যসেবা ছাড়াও শিশুদের চিকিৎসা দেওয়া হয়। জরুরি প্রয়োজনে একটি অ্যাম্বুলেন্স আছে।
রিয়াজ উদ্দিনের তিন মাস বয়সী মেয়ের জ্বর হয়েছে। নগর মাতৃসদনে নিয়ে এসেছেন। তিনি বলেন, ‘আমার পরিবারের কোনো কিছু হইলে চইলা আসি। এই মেয়েও এইখানে হইছে। এই হাসপাতালটা থাকায় আর দূরে যাওয়া লাগে না।’
নগর মাতৃসদন নাম হলেও স্থানীয় লোকজন একে ‘আরবান’ হাসপাতাল নামে চেনেন। মাতৃসদনের প্রকল্প ব্যবস্থাপক পূরবী আহমেদ শুরু থেকেই আছেন। তিনি বলেন, এই এলাকার জন্য এটা বড় একটা সুবিধা। ঘর থেকে বের হলেই তাঁরা চিকিৎসা পাচ্ছেন। সুবিধাবঞ্চিত মানুষকে লাল কার্ড দেওয়া হয়। এই এলাকায় প্রায় ১৩ হাজার লাল কার্ডধারী আছেন। তাঁদের সেবার জন্য কোনো টাকা দিতে হয় না। সরকার ও বাপসা দুই দিক থেকেই নিয়মিত নজরদারি করা হয়।