ভরা বর্ষায় কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রে পানি কাজে লাগছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাপ্তাই পানিবিদ্যুৎকেন্দ্রের ৩ নম্বর ইউনিটের পুনর্বাসনকাজ (বড় ধরনের সংস্কার) শুরু হয় প্রায় দেড় বছর আগে। এক বছরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা ছিল। ছয় মাস আগেই ইউনিটটি বিদ্যুৎ উৎপাদনে যাওয়ার কথা। কিন্তু এই ইউনিটের কাজ এখনো শেষ করা যায়নি। এই ইউনিটটি বন্ধ থাকায় ৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে না। বর্ষার এই ভরা মৌসুমেও জলবিদ্যুৎ উৎপাদনের প্রধান উপাদান পানিকে কাজে লাগানো যাচ্ছে না। পিডিবি সূত্র জানায়, যান্ত্রিক ত্রুটি ও সংস্কার (ওভারহোলিং) কাজের কারণে এ কেন্দ্রের পাঁচটির মধ্যে আরও দুটি ইউনিট বন্ধ আছে। এ দুটি হচ্ছে ১ ও ৪ নম্বর ইউনিট। ফলে এই কেন্দ্রের চালু দুই ইউনিট থেকে মাত্র ৯০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। অথচ পাঁচটি ইউনিট চালু থাকলে অল্প খরচে সর্বোচ্চ ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেত। সূত্র জানায়, ২০০৯ সালের জানুয়ারিতে ৩ নম্বর ইউনিটের সংস্কারকাজ শুরু হয়। কাজ শেষ হওয়ার কথা ছিল ওই বছরের ডিসেম্বরে। চলতি বছরের জানুয়ারি থেকে এই ইউনিটটির উৎপাদনে যাওয়ার ছিল। কিন্তু এখনো এর কাজই শেষ হয়নি। উৎপাদনে কবে যাবে, তাও বলা যাচ্ছে না।কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও রাউজান তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু তাহের প্রথম আলোকে বলেন, ‘এত দিন পরও কাপ্তাইয়ের ৩ নম্বর ইউনিট চালু না হওয়া দুর্ভাগ্যজনক। ইতালির একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এ ইউনিটের পুনর্বাসনকাজ করছে। ওই প্রতিষ্ঠানের লোকজন মাঝেমধ্যে কাপ্তাই আসে। “ঠিক হচ্ছে, অপেক্ষা করো”—এসব কথা বলে আবার ঢাকায় চলে যায়। কবে নাগাদ ইউনিটটি চালু হবে তা আমরা বলতে পারছি না।’পিডিবির সূত্র জানায়, সাধারণত বসন্ত ও গ্রীষ্মকালে কাপ্তাই হ্রদের পানির স্তর নিচে থাকে। ফলে ওই সময় সবগুলো ইউনিট একসঙ্গে চালু রাখা যায় না। এবার আগাম বর্ষা নামায় কাপ্তাই হ্রদের পানির স্তর প্রয়োজনের চেয়ে ১০ এমএসএল (মিন সি লেভেল) বেশি হয়েছে। গতকাল সোমবার হ্রদে পানির স্তর ছিল ৯৩ দশমিক ৯০ এমএসএল। এ অবস্থায় একসঙ্গে পাঁচটি ইউনিট চালিয়ে পানির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যেত। পিডিবি সূত্র জানায়, ৪০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটের ব্লেড অপারেটিং লিংকেজ ক্ষতিগ্রস্ত হওয়ায় গত ২৫ জুন এটি বন্ধ হয়ে যায়। হ্রদের তীব্র পানির স্রোতের সঙ্গে গাছের গুঁড়ি ব্লেডে আঘাত করে লিংকেজ ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ৫০ মেগাওয়াটের ৪ নম্বর ইউনিটে গত জানুয়ারিতে সংস্কারকাজ শুরু হয়। জুলাই মাসের মাঝামাঝি এ ইউনিট চালু করা সম্ভব হবে বলে সংশ্লিষ্ট প্রকৌশলীরা আশা করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক পিডিবির একজন প্রকৌশলী বলেন, কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে খরচ হয় মাত্র ৩০ পয়সা। অথচ প্রাকৃতিক গ্যাস দিয়ে উৎপাদন করলে খরচ হয় এক টাকা ৪০ পয়সা। আর ফার্নেস তেলে প্রায় আট টাকা এবং ডিজেলে প্রায় ১০ টাকা খরচ হয়। নানা জটিলতার কারণে কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের সব ইউনিট চালু রাখা যাচ্ছে না। বর্ষায় কাপ্তাই হ্রদে পানির উচ্চতা বেড়েছে। অথচ সস্তায় বিদ্যুৎ উৎপাদনের জন্য পানি কাজে লাগানো যাচ্ছে না।