ভরা বর্ষায় পানি নেই নারদ নদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের নারদ নদ খননে সমন্বয়হীনতার কারণে ভরা বর্ষা মৌসুমেও পানির প্রবাহ নেই। ১০ কোটি টাকা ব্যয়ে নদের ৩৯ কিলোমিটার খননকাজ কোনো উপকারেই লাগছে না। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্ষায় পদ্মার পানি নারদ নদে প্রবাহিত হবে, এমন উদ্দেশ্যেই সম্প্রতি নদটি খনন করা হয়। কিন্তু নারদের ওপর নির্মিত কিছু স্থাপনা উচ্ছেদ না করায় চলতি ভরা বর্ষায় পদ্মার এক ফোঁটা পানিও নারদে ঢোকেনি।পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নাটোর কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৮-০৯ অর্থবছরে চার কোটি টাকা ব্যয়ে নদের উ ৎ সমুখসহ (পদ্মা নদীসংলগ্ন বড়াল অংশ) ১৭ কিলোমিটার খনন করা হয়। ২০০৯ সালের ১২ ডিসেম্বর পাঁচ কোটি টাকা ব্যয়ে নদের মূল অংশের খননকাজ শুরু হয়। এই প্রকল্পের আওতায় নাটোর শহর থেকে ভাটিতে ১৯ কিলোমিটার খনন করা হয়। পরবর্তী অর্থবছরে এক কোটি টাকা ব্যয়ে বাকি তিন কিলোমিটার খনন করা হয়। সম্প্রতি ১০ কোটি টাকার প্রকল্পের কাজ শেষ হয়েছে। প্রকল্পে শুধু নদ খননের কাজ অন্তর্ভুক্ত ছিল। নদের বিরাট অংশ দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হলেও তা উচ্ছেদের ব্যবস্থা রাখা হয়নি। চাঁদপুর কাফুরিয়া অংশে নদের ওপর নির্মিত ছোট ছোট কালভার্ট, সড়ক ও আড়াআড়ি বাঁধ রয়েই গেছে। ফলে ভরা বর্ষায়ও পদ্মার পানি উ ৎ সমুখ হয়ে নারদে ঢুকতে পারছে না। গত সোমবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, নাটোরের কাফুরিয়া থেকে দত্তপাড়া সেতু পর্যন্ত প্রায় ১২ কিলোমিটারে নারদ এখনো পানিশূন্য। বৃষ্টির পানি, শহরের (প্রাণ, নাটোর সুগার মিল ও যমুনা ডিস্টিলারিজের বর্জ্য) নর্দমার পানি, কচুরিপানা ও ময়লা-আবর্জনায় নদের পরিবেশ দূষিত হয়ে পড়েছে। শহরের মল্লিকহাটি মহল্লার মশিউর রহমান বলেন, ১০ কোটি টাকা নাটোরবাসীর কোনো কাজেই আসেনি। ঠিকাদারেরা ইচ্ছামতো নদের বিভিন্ন অংশে বিচ্ছিন্নভাবে খনন করেছেন। ফলে নদের আগের ক্ষীণ প্রবাহও বন্ধ হয়ে গেছে। দুর্ভোগ আরও বেড়েছে। মীরপাড়ার ফরহাদ হোসেন বলেন, প্রকল্পের টাকা গুটিকয়েক লোকের পেটে গেছে। ‘নাটোরের দুঃখ’ খ্যাত নারদের কোনো উন্নয়ন হয়নি। ভোটের কথা চিন্তা করে নেতারা এই প্রকল্পে অবৈধ দখল উচ্ছেদের বিষয়টি রাখেননি। বরং খননের ফলে নদের তীরে যে মাটি জমা পড়েছে, তাতে অবৈধ আবাসন গড়ে উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক খননকাজের এক ঠিকাদার বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সাংসদ ও যুব-ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার স্থাপনা উচ্ছেদে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু গত দুই বছরে এ ব্যাপারে কিছুই করা হয়নি।পাউবোর নাটোর কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী (এসডিই) বলেন, ‘নারদ নদ খনন পাউবোর প্রকল্প হলেও নদের ওপরের কালভার্ট, রাস্তাগুলো স্থানীয় সরকার বিভাগের। আমরা তাদের স্থাপনা উচ্ছেদের জন্য বহুবার বলেছি। জেলা প্রশাসনের বিভিন্ন সভায় বিভিন্ন সংস্থার প্রধানদের উপস্থিতিতে একাধিকবার আলোচনা হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।’ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী লোকমান হোসেন বলেন, বরাদ্দ না থাকায় এসব স্থাপনা স্থানান্তর কিংবা সংস্কার করা সম্ভব হয়নি।জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, স্থাপনা উচ্ছেদের জন্য বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের চেষ্টা চলছে। তবে কাজটি খুবই কঠিন। কারণ স্থানীয় লোকজনের যাতায়াত ঠিক রেখে কাজটি করতে হলে প্রচুর সময় ও অর্থের প্রয়োজন। বিষয়টি মূল প্রকল্পের মধ্যে থাকলে এই সমস্যা থাকত না।