ভরা বর্ষায় বৃষ্টি নেই, সেচযন্ত্র দিয়ে চলছে আমনের আবাদ
বর্ষা মৌসুম, অথচ বৃষ্টির দেখা নেই। মাঠের পর মাঠ ফসলি জমি পড়ে আছে। রোপা আমন চাষের এই মৌসুমে বৃষ্টি না হওয়ায় চাষিরা চিন্তিত হয়ে পড়েছেন। আবার অনেক চাষি বৃষ্টির অপেক্ষায় না থেকে সেচযন্ত্র চালু করেছেন। এতে তাঁদের বাড়তি টাকা গুনতে হচ্ছে। কৃষি বিভাগ ইতিমধ্যে আমন জমি চাষের উপযোগী করতে মাইকিং ও প্রচারপত্র বিতরণ করছে। গত বছরও এই সময়ে মাঠে চাষিরা আমন চাষ নিয়ে ব্যস্ত ছিলেন। এবার মাঠগুলো ফাঁকা পড়ে আছে। পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় চাষিরা অনেকে বাধ্য হয়ে গভীর-অগভীর নলকূপের পানি দিয়ে আমন আবাদে নেমেছেন। তবে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে বিদ্যুচ্চালিত সেচযন্ত্র সচল রাখাও কঠিন হয়ে পড়েছে।কাহালু উপজেলার দুর্গাপুর, মালঞ্চা, দেওগ্রাম এলাকা ঘুরে দেখা গেছে, মৌসুম পেরিয়ে যাওয়া সত্ত্বেও প্রয়োজনীয় বৃষ্টিপাত না হওয়ায় গভীর নলকূপের মাধ্যমে ভূগর্ভস্থ পানি দিয়ে আমন আবাদ করা হচ্ছে। দেওগ্রামের চাষি নুরুন্নবী জানান, বিদ্যুচ্চালিত গভীর নলকূপের মালিকেরা প্রতিবিঘা জমি সেচের জন্য তাঁদের কাছ থেকে ৩০০ টাকা করে নিচ্ছেন। ডিজেলচালিত অগভীর নলকূপে এ খরচ আরও ২০০ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। এতে তাদের খরচ বেড়ে যাচ্ছে। শুধু কাহালু বা নন্দীগ্রাম উপজেলাই নয়, পশ্চিমাঞ্চলের দুপচাঁচিয়া, আদমদীঘি, দক্ষিণাঞ্চলের শেরপুর, শাজাহানপুর, ধুনট, উত্তরের শিবগঞ্জ উপজেলার মাঠগুলোর অনেক জমি এখনো পড়ে আছে। অনেক চাষি শ্যালো ইঞ্জিনচালিত সেচযন্ত্র বসিয়ে জমিতে পানি দিয়ে চাষ করছেন। বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক জাহাঙ্গীর আলম জানান, চাহিদা অনুযায়ী বৃষ্টি না হওয়ায় সেচযন্ত্রের মালিকেরা বোরো মৌসুমের জন্য সংরক্ষিত সংযোগগুলো আবারও নবায়ন করতে শুরু করেছেন। গত ১৫ দিনে অন্তত দেড় হাজার সংযোগ চালু করা হয়েছে। বিদ্যুৎ-সংকটের কথা স্বীকার করে তিনি বলেন, জেলায় ৬০ মেগাওয়াটের চাহিদার বিপরীতে ১৫ মেগাওয়াট বিদ্যুৎও মিলছে না। বগুড়ার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মমতাজ হোসেন বলেন, জমি চাষের উপযোগী করতে চাষিদের সেচযন্ত্র ব্যবহার করতে অনুরোধ জানিয়ে মাইকিং ও প্রচারপত্র বিতরণ করা হয়েছে। ইতিমধ্যে জেলার বিভিন্ন উপজেলায় পাঁচ শতাধিক গভীর-অগভীর সেচযন্ত্র চালু করা হয়েছে।