ভরা বর্ষায়ও দেশি মাছের আকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভরা বর্ষায়ও ময়মনসিংহের নান্দাইল উপজেলার হাট-বাজারে দেশি মাছ পাওয়া যাচ্ছে না। খোঁজ করে দেখা গেছে, এসব হাট-বাজারে বিক্রেতারা বিভিন্ন মৎস্য খামারে চাষ করা মাছ এনে বিক্রি করছেন। তাঁরা জানান, জেলেরা নদী, খাল-বিলে জাল ফেলে দেশি মাছের দেখা পাচ্ছেন না। বছর তিনেক আগেও বর্ষা মৌসুমে হাট-বাজারগুলোতে দেশি মাছের ছড়াছড়ি ছিল।উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা রুহুল আমীন প্রথম আলোকে জানান, দেশীয় প্রজাতির মাছের প্রজনন ক্ষেত্রগুলো নষ্ট করে ফেলা হয়েছে। কিছু জাল ব্যবহার করে মাছ শিকারের নামে নিধন কার্যক্রম চালানো হচ্ছে। সবচেয়ে ক্ষতিকর ‘গুষ্টিমারা জাল’ (স্থানীয় নাম)। এ জাল ব্যবহার করে দেশি মাছ ছোট অবস্থায় ধরা হচ্ছে। তিনি বলেন, ‘লোকবল না থাকায় দেশি প্রজাতির মাছ রক্ষায় আইনগত কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে না।’ উপজেলা মৎস্য কার্যালয়ে স্থাপিত একটি বোর্ডের দেওয়া তথ্যানুযায়ী, এ উপজেলায় মাছের চাহিদা রয়েছে ছয় হাজার ৯৮৮ মেট্রিক টন। মৎস্য খামারগুলোতে উৎপাদন হচ্ছে সাত হাজার ১৮৮ মেট্রিক টন। চাহিদা অনুপাতে উৎপাদনের পরিমাণ বেশি দেখানো হলেও মাছের সংকটের বিষয়ে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি মৎস্য কার্যালয় থেকে।উপজেলায় নদী, খাল, বিল উন্মুক্ত জলাশয়ের পরিমাণ হচ্ছে আট হাজার হেক্টরেরও বেশি। এগুলোতে একসময় দেশি মাছের ভান্ডার ছিল। বরবরি, আড়াইল্লা, টঙ্গী, বলদা বাফাইল, সোনাতলা, আগ্রারচর, খানতাই বিলসহ প্রায় ৪২টির মতো বিল রয়েছে। এসব বিল বা জলাশয় থেকে সুস্বাদু দেশি মাছের জোগান পাওয়া যেত। এসব মাছের মধ্যে রয়েছে পুঁটি, টেংরা, পাবদা, কই, টাকি, শোল, রানী, মলা, মেনি, চাপিলা, গোলসা, বালিয়া, কালিবাউস, দেশি রুই, কাতলা ইত্যাদি। নান্দাইল পৌরশহরের পুরানবাজার, নতুনবাজার এলাকার মাছের বাজারগুলোতে গিয়ে দেখা যায়, জেলেরা ছোট আকারের দেশীয় মাছ এনে বিক্রি করছেন। মাছ ক্রেতা তপন সাহা বলেন, ‘বাজারে ঢুকেই দেশি মাছের খোঁজ করি। না পেয়ে বাধ্য হই মৎস্য খামারের স্বাদহীন মাছ কিনতে।’ বিক্রেতা সুবল বর্মণ বলেন, ‘খামারের মাছ দিয়ে ব্যবসা টিকিয়ে রেখেছি। সারা দিন নদীতে খরা জাল পেতে রেখেও দেশি মাছের দেখা পাওয়া যায় না।’ নান্দাইল চৌরাস্তা বাজারের আড়ৎদার দীলিপ বর্মণ, কৃষ্ণ বর্মণসহ কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেল, হাওড়াঞ্চলেও এখন দেশি মাছের আকাল। তাড়াইল উপজেলা থেকে কিছু দেশি মাছ আড়তে এলেও উচ্চমূল্যের কারণে তা সাধারণের নাগালের বাইরে। নান্দাইল শহীদস্মৃতি ডিগ্রি কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. বেলালুর রহমান বলেন, নিষিদ্ধ জালের ব্যবহার মাছের বংশ বৃদ্ধির ওপর নেতিবাচক প্রভাব ফেলে। বর্ষায় মৎস্য আইন মেনে চলতে কড়াকড়ি আরোপ করলে দেশি প্রজাতির মাছের দেখা পাওয়া যাবে বলে মনে করেন তিনি। মৎস্য কর্মকর্তা রুহুল আমীন বলেন, দেশি প্রজাতির মাছ না পাওয়ার একটি কারণ হচ্ছে শুকনো মৌসুমে নদী ও জলাশয়গুলোতে পানি থাকে না। তাই খাল-বিলে ব্রুড-ফিশ বা মা-মাছ বেঁচে থাকতে পারে না। এ ছাড়া বিলের গভীরতম জায়গাগুলো ব্যক্তি মালিকানার হওয়ায় তা সেচে মাছ ধরে ফেলা হয়। যদিও এভাবে মাছ ধরা বেআইনি। বছরের পর বছর এ ধারা অব্যাহত থাকায় দেশি মাছের বিলুপ্তি ঘটতে চলেছে।নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ আবদুল হামিদ মিয়া বলেন, ‘যেসব জলাশয়ে সরকারি খাসজমি রয়েছে, মৎস্য কার্যালয় সেখানে দেশি জাতের মাছের অভয়াশ্রম গড়ে তুলতে পারে।’