ভরা মৌসুমেও আশুগঞ্জের চালকলে পর্যাপ্ত ধান নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাওরের বোরো ধানে বাম্পার ফলন হয়েছে। কিন্তু দাম কম হওয়ায় কৃষকেরা ধান বিক্রিতে আগ্রহ দেখাচ্ছেন না। ফলে ভরা মৌসুমেও প্রয়োজনমতো ধান পাচ্ছে না ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের চালকলগুলো। চালকলগুলোতে এই সময়ে কাজের চরম ব্যস্ততা থাকার কথা থাকলেও ধানের অভাবে কোনো কোনো চাতালে অলস সময় কাটছে শ্রমিকদের।চালকলমালিক ও শ্রমিকদের সূত্রে জানা গেছে, আশুগঞ্জে ছোট-বড় প্রায় ৪০০ চালকল আছে। নেত্রকোনা, কিশোরগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার হাওর এলাকার ৩২ উপজেলার প্রায় ৯০ ভাগ ধান কেনাবেচা হয় আশুগঞ্জ ও কিশোরগঞ্জের ভৈরব মোকামে। এবার বোরোর বাম্পার ফলন হওয়ায় বৈশাখের প্রথম সপ্তাহ থেকে দুই মোকামে বেশ ধান আসতে শুরু করে। দ্বিতীয় সপ্তাহ থেকে প্রতিদিন এক থেকে দেড় লাখ মণ ধান আসছিল। ফলে চালকলগুলোতে শ্রমিকদের ব্যস্ততাও বেড়ে গিয়েছিল। কিন্তু দাম কম হওয়ায় কৃষকেরা এখন ধান বিক্রি কমিয়ে দিয়েছেন। এতে ধানের সংকটে পড়েছে চালকলগুলো।জানা গেছে, কয়েকদিন ধরে ধানের দাম মণপ্রতি কম-বেশি ৪০ টাকা বাড়লেও কৃষকের উৎপাদন খরচ উঠছে না। বিআর ২৮ ও ২৯ শুকনা ধান ৫৬০ থেকে ৫৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। ভেজা ধান বিক্রি হচ্ছে ৫১০ টাকায়। এর পরও মণপ্রতি উৎপাদন খরচ আরও প্রায় ১০০ টাকা পিছিয়ে। এই অবস্থায় কৃষকেরা বিশেষ ব্যয় মেটানোর প্রয়োজন ছাড়া ধান বিক্রি করছেন না। একটু বেশি দামের আশায় ধান গোলায় তুলছেন। ফলে চার-পাঁচ দিন ধরে চালকলগুলোতে প্রয়োজনমতো ধান আসছে না।কিশোরগঞ্জের অষ্টগ্রামের কৃষক আশিক মিয়া (৫০) ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘উৎপাদন করতে মণপ্রতি খরচ হইছে সাড়ে ৬০০ টাকা। উৎপাদন খরচ না উঠলে আমরা গোলা থেকে ধান নামামু কেন?’গত মঙ্গল ও শনিবার আশুগঞ্জে গিয়ে দেখা যায়, সবগুলো চালকল সচল আছে। চাতালে ধানও আছে। তবে নেই বাড়তি চাপ। মোকামে গিয়েও ক্রেতা-বিক্রেতার সরগরম উপস্থিতি দেখা যায়নি। মেঘনাপারে ধানবোঝাই ট্রলারের জট চোখে পড়েনি।জানতে চাইলে আশুগঞ্জ চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহাবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘হাওরের ধানের ওপর আমরা নির্ভরশীল। এখন ভরমৌসুম। প্রতিটি বয়লারে গড়ে ৬০০ থেকে ৭০০ মণ ধান প্রক্রিয়াজাত হওয়ার কথা। এখন তা কমে অর্ধেক হয়ে গেছে।’ কাজের চাপ না থাকায় চাতালশ্রমিকদের মুখেও হাসি নেই। চাতালশ্রমিক হনুফা বেগম (৪৫) বলেন, ‘আশা করছিলাম সিজনে বেশি কাজ হইব। কিন্তু ধান না আসায় কাজ ঠিকমতো হচ্ছে না।’স্থানীয় মন্নাফ বয়লারের মালিক জহিরুল হক বলেন, সরকারি উদ্যোগে ধানের দাম বাড়াতে হবে। দাম বাড়লে কৃষক ধান গোলায় না রেখে বাজারে আনবেন। তখন চালকলগুলোতেও কাজ বাড়বে।