ভরা মৌসুমেও ইলিশ নেই
দেড় মাস আগে ইলিশের মৌসুম শুরু হলেও দক্ষিণ বঙ্গোপসাগর ও উপকূলের নদ-নদীতে ইলিশ ধরা পড়ছে না। ফলে উপকূলের প্রায় আড়াই লাখ জেলে ও মৎস্য ব্যবসায়ীরা হতাশ হয়ে পড়েছেন।তবে মৎস্য বিশেষজ্ঞরা জেলেদের হতাশ না হওয়ার পরামর্শ দিয়ে বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে ইলিশের প্রজননের ওপর প্রভাব পড়েছে। শ্রাবণে ভারী বর্ষণ হলেই সাগর ও নদীতে প্রচুর ইলিশ ধরা পড়বে।বঙ্গোপসাগরের জেলে ও ব্যবসায়ীরা বলছেন, ইলিশের মৌসুম হচ্ছে সাড়ে চার মাস (জ্যৈষ্ঠের ১৫ তারিখ থেকে আশ্বিন মাস পর্যন্ত)। এর মধ্যে প্রায় দেড় মাস চলে গেছে। ভাদ্র ও আশ্বিনে সাগর উত্তাল থাকবে। তখন জেলেরা গভীর সমুদ্রে গিয়ে মাছ ধরতে পারবেন না।গত রোববার সকালে বরগুনার পাথরঘাটা উপজেলার বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে গিয়ে দেখা গেছে, কয়েক শ ট্রলার সেখানে নোঙর করা রয়েছে। আর জেলেরা অলস সময় কাটাচ্ছেন। জেলে আলমগীর হোসেন বলেন, ‘হারাদিন ঘাটে বইয়্যা কাটাই, বাড়িও যাই না। যামু ক্যামনে, বাড়ি গ্যালে বউ-পোলাপানের লাইগ্যা বাজার-সওদা নেওন লাগবে। মহাজনের কাছ থাইক্যা বহু টাকা দাদন আইন্না সাগরে গেছিলাম, কিন্তু যে মাছ পাইছি, তা দিয়া ত্যাল (জ্বালানি) আর খাওন খরচাও ওঠে নাই। বউ-বাচ্চারা পোতের দিকে চাইয়্যা রইছে, কী যে করমু কইতে পারি না।’সাগর থেকে সম্প্রতি ফিরে আসা এফবি তরিকুল নামের একটি ট্রলারের মাঝি এমাদুল হক বলেন, তিনি ভেবেছিলেন গত বছরের তুলনায় এবার বেশি ইলিশ পাওয়া যাবে। তাই তিনি এক লাখ ৩৫ হাজার টাকা ব্যয় করে সাগরে গিয়েছিলেন। কিন্তু ইলিশ না পেয়ে হতাশ হয়ে ফিরতে হয়েছে তাঁকে। অন্য মাছ পেয়েছেন, তা বিক্রি করেছেন মাত্র পাঁচ হাজার টাকায়।পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের আড়তদার সগীর আলম বলেন, ইলিশ ধরা না পড়ায় ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। তিনি বলেন, ইলিশ মৌসুমে এবার দক্ষিণাঞ্চলের মৎস্য ব্যবসায়ীরা এ খাতে প্রায় ৫০০ কোটি টাকা লগ্নি করেছেন। এখন সবাই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন।জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, দেশের মোট মৎস্য উৎপাদনের ১২ ভাগ আসে ইলিশ থেকে, যার আনুমানিক মূল্য প্রায় সাত হাজার ৫০০ কোটি টাকা। জিডিপিতে ইলিশের অবদান এক-শতাংশ। দেশের প্রায় পাঁচ লাখ জেলে ইলিশ আহরণের সঙ্গে সরাসরি জড়িত। বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন পরিচালিত পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে ২০১০-১১ অর্থবছরে প্রায় এক হাজার ৬২১ মেট্রিক টন ইলিশ ও এক হাজার ১০৯ মেট্রিক টন মিশ্র মাছ আহরণ করা হয়। ওই অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক মীর মো. হুমায়ুন কবির বলেন, প্রতিবছর এ সময়ে পটুয়াখালী, বরগুনা, বাগেরহাট, পিরোজপুর, কক্সবাজারসহ উপকূলের জেলেদের পদচারণে মুখর হয়ে ওঠে এই অবতরণ কেন্দ্র। এবার ইলিশের সরবরাহ না থাকায় টোল আদায়ও কমে গেছে আশঙ্কাজনক হারে।ভরা মৌসুমেও ইলিশ ধরা না পড়ার ব্যাপারে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাৎস্য বিজ্ঞান অনুষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ প্রথম আলোকে বলেন, ঘূর্ণিঝড় সিডর ও আইলার পর উপকূলের সামগ্রিক জলবায়ুর গতি-প্রকৃতি ও সামুদ্রিক প্রতিবেশে বড় ধরনের পরিবর্তন এসেছে। ফলে ঋতুর পরিবর্তন হয়েছে। চার বছর ধরে বর্ষা মৌসুমে তেমন বৃষ্টি হচ্ছে না। এবারও বর্ষা শুরু হয়েছে দেরিতে। এর প্রভাবে ইলিশের প্রজননেও বিরাট পরিবর্তন এসেছে। শ্রাবণে ভারী বর্ষণ শুরু হলে ইলিশের প্রাচুর্য বাড়তে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।