প্রায় দেড় মাস আগে ইলিশের মৌসুম শুরুর পর মাস খানেকেরও বেশি সময় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাগরে নামতে পারেননি দক্ষিণ উপকূলের জেলেরা। আর এখন বঙ্গোপসাগর ও উপকূলের নদ-নদীতে ইলিশ ধরতে গিয়ে তাঁরা প্রায় শূন্য হাতে ফিরছেন। এ কারণে এখানকার প্রায় দেড় লাখ জেলে একদিকে দাদনের বোঝা, অন্যদিকে সংসার চালানোর চিন্তায় দিশেহারা।তবে মৎস্য বিশেষজ্ঞেরা বলেছেন, এখন ইলিশ না পাওয়ায় হতাশার কিছু নেই। কারণ, সিডর ও আইলার পর উপকূলের সামগ্রিক আবহাওয়ার গতি-প্রকৃতি ও সামুদ্রিক প্রতিবেশে বড় ধরনের পরিবর্তন এসেছে। ইলিশের প্রজনন ও উৎপাদন মৌসুমেও গত দু-তিন বছরে বিরাট পরিবর্তন এসেছে। তাঁরা আশা করছেন, শ্রাবণে ভারী বর্ষণ হলেই সাগরে প্রচুর ইলিশ ধরা পড়বে।জেলে ও মৎস্য ব্যবসায়ীরা বলেন, ইলিশের মৌসুম সাড়ে চার মাস (জ্যৈষ্ঠের ১৫ তারিখ থেকে আশ্বিন পর্যন্ত)। তাঁদের আশঙ্কা, ভাদ্র ও আশ্বিনে সাগর আরও উত্তাল থাকবে। তখন প্রায়ই কিনারে থাকতে হবে জেলেদের।গত ২৯ জুন সকালে পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণকেন্দ্রের ঘাটে গিয়ে দেখা গেছে, কয়েক শ ট্রলার সেখানে নোঙর করা। অলস সময় কাটানো জেলেদের চেহারায় হতাশার ছাপ। জেলে সিদ্দিকুর রহমান বলেন, ‘হারা দিন ঘাটে বইয়্যা কাটাই, বাড়িও যাই না। মহাজনের কাছ দিয়া বহু টাকা দাদন আইন্না সাগরে গেছিলাম, কিন্তু যে মাছ পাইছি, তা দিয়া ত্যাল (জ্বালানি) আর খাওন খরচাও ওঠে নায়।’জেলেরা বলেন, একদিকে দাদনের বোঝা এবং অন্যদিকে বৈরী আবহাওয়া, জলদস্যুদের চাঁদাবাজি, অপহরণের আতঙ্কও রয়েছে।তালতলীর তেঁতুলবাড়িয়া এলাকার ট্রলারমালিক নান্টু হাওলাদার বলেন, তাঁকে ২০ লাখ টাকা ব্যয়ে তিনটি ট্রলারে করে ১৭ জন শ্রমিকসহ তিন-চারবার সাগরে গিয়ে প্রায় শূন্য হাতে ফিরে আসতে হয়েছে।পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণকেন্দ্রের আড়তদার সগীর আলম বলেন, ‘মৌসুমের দেড় মাস পার হলেও ইলিশ ধরা না পড়ায় আমাদের ব্যবসা স্থবির হয়ে পড়েছে।’ মহীপুর মৎস্যজীবী আড়তদার সমিতির সভাপতি গাজী ফজলুল হক বলেন, ‘যেমন আশা-ভরসা নিয়ে এবার ব্যবসায় লগ্নি করেছিলাম, তা ভেস্তে যেতে বসেছে। আমাদের যে কী অবস্থা হবে, চিন্তা করে কূল-কিনারা পাচ্ছি না।’পাথরঘাটা মৎস্য অবতরণকেন্দ্রের ব্যবস্থাপক লে. কমান্ডার (অব.) মীর মো. হুমায়ুন কবির বলেন, প্রতিবছর এ সময়ে পটুয়াখালী, বরগুনা, বাগেরহাট, পিরোজপুর, কক্সবাজারসহ উপকূলের জেলেদের আনাগোনায় মুখর থাকে এই কেন্দ্র। এবার এখানে ইলিশের তেমন সরবরাহ না থাকায় টোল আদায় কমে গেছে আশঙ্কাজনক হারে।মৎস্যসম্পদ রক্ষণাবেক্ষণ নিয়ে গবেষণায় নিয়োজিত বেসরকারি সংস্থা কোডেকের বরিশাল আঞ্চলিক কার্যালয়ের গবেষক হারুণ অর রশিদ বলেন, ঘূর্ণিঝড় আইলার পর উপকূলের সামগ্রিক পরিবেশ ও প্রতিবেশে বড় ধরনের পরিবর্তন এসেছে। পানিতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় ইলিশের গতিপথে পরিবর্তন (মাইগ্রেশন) এবং প্রজনন মৌসুমে হেরফের দেখা দিচ্ছে। তাঁর মতে, সময়মতো বৃষ্টি না হওয়ার কারণে সাগরের পানির লবণাক্ততা পরিবর্তিত না হওয়ায় ইলিশের প্রাচুর্য কম।ভরা মৌসুমে ইলিশের আকালের কারণ জানতে চাইলে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান অনুষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘মৌসুমের দেড় মাস চলে গেলেও ইলিশ না পাওয়ায় হতাশার কিছু নেই। আমার মনে হচ্ছে, সামুদ্রিক প্রতিবেশে বড় ধরনের পরিবর্তনের কারণে ইলিশের প্রজনন ও ধরার মৌসুমে বড় ধরনের পরিবর্তনের লক্ষণ এটা। যেমন এবার শীত মৌসুমে উপকূলে প্রচুর ইলিশ ধরা পড়েছে। এটা অস্বাভাবিক হলেও জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে স্বাভাবিক ঘটনা হিসেবেই আমাদের মানতে হবে। তা ছাড়া এবার বর্ষা মৌসুম শুরু হয়েছে দেরিতে। এটা ইলিশ ধরা না পড়ার অন্যতম কারণ হতে পারে। আশা করছি, বৃষ্টি বাড়ার সঙ্গে সঙ্গে বিপুল পরিমাণে ইলিশ ধরা পড়বে।’