বৈরী আবহাওয়ার কারণে ভরা মৌসুমেও কক্সবাজারের হাটবাজারে ইলিশসহ অন্যান্য মাছের আকাল যাচ্ছে। বঙ্গোপসাগর উত্তাল থাকায় গত পাঁচ-ছয় দিনে প্রায় ছয় হাজার ট্রলারের মাছ ধরা বন্ধ রয়েছে। ফলে ৯০ হাজারের বেশি জেলে বেকার জীবন কাটাচ্ছেন। কক্সবাজার বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান বলেন, এ অবস্থা চলতে থাকলে কয়েক লাখ জেলের এবার ঈদ উদ্যাপন করা কঠিন হয়ে পড়বে। কক্সবাজার মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুল ইসলাম জানান, বর্তমানে ছোট আকৃতির কিছু নৌকা উপকূলের কাছাকাছি গিয়ে জাটকা ইলিশসহ পোপা, লইট্টা, গুইজ্যা ও ফাইসা মাছ ধরে নিয়ে আসছে। এসব মাছ হাটবাজারে চড়া দামে বিক্রি হচ্ছে। তিনি বলেন, আগে এই সময়ে কয়েক শ মেট্রিক টন ইলিশ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হলেও এবার ইলিশের দেখাই মিলছে না।শহরের নুনিয়াছটার ট্রলার মালিক আবদুস সালাম প্রথম আলোকে জানান, একটি ট্রলার সাত দিনের জন্য গভীর সাগরে গিয়ে মাছ ধরতে খরচ হয় প্রায় আড়াই লাখ টাকা। কিন্তু মাছ পাওয়া যায় ২০ থেকে ৫০ হাজার টাকার। ফলে প্রচুর লোকসান গুনতে হয়। এ কারণে উত্তাল সাগরে ঝুঁকি নিয়ে কেউ মাছ ধরতে চান না। সরেজমিনে গত মঙ্গলবার সকালে শহরের প্রধান পাইকারি মাছের বাজার নুনিয়াছটা ফিশারিঘাটে গিয়ে দেখা যায়, পুরো এলাকা ফাঁকা। মাত্র তিনটি ছোট ট্রলার উপকূল থেকে কিছু জাটকা, লইট্যা, পোপা ও কামিলা মাছ ধরে এনেছে। মুহূর্তের মধ্যে এসব মাছ ঝুড়িতে বোঝাই করে খুচরা বাজারে সরবরাহ করা হচ্ছে। এফবি দিলশাদ ট্রলারের মাঝি (সেরাং) নবাব মিয়া (৪৫) জানান, ১৫ বছর ধরে তিনি সাগরে মাছ ধরছেন। কিন্তু বঙ্গোপসাগরের এই বছরের মতো অবস্থা আগে কখনো দেখেননি।ফিশারিঘাটের মাছ ব্যবসায়ী ওমর কাজি বলেন, গত বছর এই মৌসুমে প্রতিদিন গড়ে ৩৫ ট্রাক ইলিশ, রূপচাঁদা ও কোরালসহ বিভিন্ন প্রজাতির মাছ ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়েছে। কিন্তু এই মৌসুমে এক ট্রাক মাছও পাঠানো যাচ্ছে না। সাগর থেকে ট্রলারগুলো খালি হাতে ফিরে আসছে। একই দিন বিকেলে শহরের কালামিয়ার বাজার, বাহারছড়া ও বড়বাজার ঘুরে কোথাও ইলিশ চোখে পড়েনি। তবে ছোট আকৃতির বেশ কিছু জাটকা ৬০০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। তা ছাড়া ৬০ টাকার কেজি লইট্যা এখন বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকা, ২০০ থেকে ৪০০ গ্রাম ওজনের ছোট কোরাল বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৫০০ টাকায়। অন্যান্য ছোট মাছ ১২০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম রব্বানী জানান, বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় এখন মাছ ধরা প্রায় বন্ধ রয়েছে। এ কারণে বাজারে মাছের সংকট চলছে। পরিস্থিতি স্বাভাবিক হলে সংকট থাকবে না।