ভরা মৌসুমেও পদ্মায় ইলিশের আকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভরা মৌসুমেও পদ্মায় আর আগের মতো ইলিশ ধরা পড়ছে না। তাই ইলিশের জন্য বিখ্যাত গোয়ালন্দ ঘাট আগের ঐতিহ্য হারাতে বসেছে। একই কারণে মাছ ধরার জন্য মহাজনদের কাছ থেকে আনা দাদনের টাকা পরিশোধ করতে না পারায় জেলেদের মধ্যে বিরাজ করছে হতাশা।রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, সাধারণত জুনের মাঝামাঝি থেকে শুরু করে নভেম্বর মাস পর্যন্ত নদ-নদী ও সাগরে বিপুল পরিমাণে ইলিশ ধরা পড়ে। গত বছর সেপ্টেম্বর মাসের শেষ দিকে কিছু ইলিশ ধরা পড়েছিল। এ বছর অক্টোবর মাস নাগাদ পদ্মায় ইলিশ ধরা পড়বে।ইলিশের সংকটের বিষয়ে রফিকুল ইসলাম বলেন, ‘ইলিশ গভীর পানির মাছ। কিন্তু পদ্মায় পানির গভীরতা কমে যাওয়ায় ইলিশ পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে গবেষণা করতে চাঁদপুর নদী গবেষণাকেন্দ্রকে চিঠি মারফত অনুরোধ জানিয়েছি।’ তিনি আরও বলেন, রাজবাড়ী জেলায় মোট জেলের সংখ্যা প্রায় ৫৮ হাজার। এর মধ্যে শুধু গোয়ালন্দ উপজেলায় রয়েছে প্রায় ১৩ হাজার। বেকার জেলেদের সরকারিভাবে সাহায্যের আবেদনের ব্যাপারে একটি তালিকা তৈরি করে মৎস্য মন্ত্রণালয়ে পাঠানোর প্রক্রিয়া চলছে।স্থানীয় কয়েকজন জেলে জানায়, জুন থেকে নভেম্বর মাস পর্যন্ত পদ্মার উজান এলাকা, মেঘনাসহ দেশের বিভিন্ন নদ-নদীতে মাছ নেমে আসে। ফলে জেলেদের জালে এ সময় ধরা পড়ে প্রচুর পরিমাণ ইলিশ। দেশের অন্যান্য এলাকার মতো গোয়ালন্দ উপজেলার জেলেরাও প্রতিদিন নৌকা ও ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে মাছ ধরতে যান। এবার মৌসুমের শুরু থেকেই মাছ না পেয়ে তাঁরা ফিরে আসছেন খালি হাতে।চর দৌলতদিয়া এলাকার শাজাহান ব্যাপারী বলেন, ‘একটি নৌকা নিয়ে ১৪-১৫ দিন ধরে পদ্মায় যাচ্ছি। কিন্তু প্রতিদিন তিন-চার কেজির বেশি ইলিশ পাওয়া যাচ্ছে না। আমার সঙ্গে আরও আটজন অংশীদার আছে। মাছ বিক্রির টাকা দিয়ে নিজেদের খরচই জোগাড় করব, নাকি যে দাদনের টাকা নিয়ে নৌকা-জাল কিনেছি, সেটাই দেব—তা নিয়ে ভীষণ দুশ্চিন্তা হচ্ছে।’সদর উপজেলার মাধবদিয়ার জেলে খালেক শেখ বলেন, ‘১০ জন মিলে জাল নিয়ে নৌকায় মাছ মারতি আইছি। কিন্তু দু-একটি ইলিশের বাচ্চা মাছ এবং মাঝেমধ্যে দু-একটি পাঙাশ, রুই মাছ পাওয়া যাচ্ছে। প্রতিদিন ১০ জন লোকের কমপক্ষে এক হাজার টাকা খরচ আছে। এই কয়েক দিনে খরচেরই টাকা উঠছে না।’সরেজমিনে গিয়ে দেখা গেছে, আমদানি না থাকায় গোয়ালন্দ বাজার ও দৌলতদিয়া ঘাটের আড়তগুলো ইলিশশূন্য অবস্থায় পড়ে আছে। দৌলতদিয়া ঘাটের ইলিশ বিক্রেতা সাইদুল হক বলেন, জেলেরা মাছ না পেয়ে খালি হাতে ফিরে আসছেন।গোয়ালন্দ বাজারের আড়তদার বাদল বিশ্বাস বলেন, কয়েক বছর আগেও এখানে পৌষ-মাঘ মাসেও প্রায় ১০০ মণ ইলিশ বিক্রি হতো। বর্তমানে ভরা মৌসুমে প্রতিদিন এক মণ মাছও বিক্রি হচ্ছে না।রাজবাড়ী সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মো. নুরুজ্জামান বলেন, পদ্মায় ইলিশ আসার আগেই বিভিন্ন মোহনা থেকে মা-মাছ ধরায় প্রজননে বাধা সৃষ্টি হচ্ছে। এসব নিয়ন্ত্রণ করতে পারলেই ইলিশের জন্য বিখ্যাত গোয়ালন্দের ঐতিহ্য কিছুটা হলেও ফিরিয়ে আনা সম্ভব।