টানা অবরোধে চট্টগ্রামের পর্যটনশিল্পে মন্দা ভাব বিরাজ করছে। পর্যটনের ভরা মৌসুমেও দর্শনীয় স্থানগুলো এখন প্রায় পর্যটকশূন্য। এতে সবচেয়ে বেশি লোকসানের মুখে পড়েছে আবাসিক হোটেলগুলো। এই অবস্থা চলতে থাকলে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
চট্টগ্রাম ও আশপাশের এলাকায় বেশ কিছু পর্যটনকেন্দ্র আছে। এর মধ্যে নগরের পতেঙ্গা সমুদ্রসৈকত, ফয়’স লেক কনকর্ড অ্যামিউজমেন্ট পার্ক, সীতাকুণ্ড ইকোপার্ক, বাঁশখালী ইকোপার্ক, পারকি সমুদ্রসৈকত, চান্দগাঁও স্বাধীনতা পার্ক অন্যতম। এ ছাড়া কক্সবাজার, রাঙামাটি ও বান্দরবানও পর্যটন মৌসুমে জমজমাট থাকে। অনেক পর্যটক চট্টগ্রামে অবস্থান করে এসব এলাকায় ঘুরতে যায়। কিন্তু এবার টানা অবরোধের কারণে সেসব স্থানে পর্যটকেরা যাচ্ছেন না।
পর্যটনশিল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত পর্যটনের ভরা মৌসুম। এ সময়ে দেশের বিভিন্ন স্থান থেকে চট্টগ্রাম ও আশপাশের এলাকায় লোকজন বেড়াতে আসে। কিন্তু ৬ জানুয়ারি থেকে লাগাতার অবরোধ শুরু হওয়ায় পর্যটন ব্যবসায় ধস নেমেছে। প্রতিবছর এ সময়ে নগরের ফয়’স লেক পার্কে প্রতিদিন পাঁচ-ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা করপোরেট প্রতিষ্ঠান বনভোজন করতে আসে। কিন্তু অবরোধ শুরু হওয়ার পর থেকে মাত্র দু-তিনটি প্রতিষ্ঠান বনভোজনে এসেছে।
জানতে চাইলে পার্কের সহকারী ব্যবস্থাপক (বিপণন) বিশ্বজিৎ ঘোষ বলেন, ‘ফেনী, নোয়াখালী, কুমিল্লা থেকে আমাদের এখানে প্রতিবছর বেশ কিছু স্কুল পিকনিক করতে আসত। এবার অনেক প্রতিষ্ঠান আগে বুকিং দিলেও পরে বাতিল করেছে। এ ছাড়া ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানও পিকনিক করে এ সময়ে। কিন্তু এবার তারাও আসছে না। একই কারণে আমাদের আবাসিক কক্ষগুলোও ভাড়া হচ্ছে না।’
বিশ্বজিৎ ঘোষ জানান, ভরা মৌসুমে প্রতিদিন গড়ে দুই হাজার দর্শনার্থী পার্কে আসে। সে হিসেবে দৈনিক আয় হয় পাঁচ লাখ টাকারও বেশি। এখন ৪০-৫০ জনের বেশি দর্শনার্থী আসে না।
এর বাইরে আছে প্রতিষ্ঠানটির আবাসিক হোটেলের আয়। ফয়’স লেক পার্কের ভেতরে-বাইরে ৫০টি আবাসিক কক্ষ আছে। অন্য সময় পর্যটন মৌসুমেও এগুলো শতভাগ পূর্ণ থাকে। কিন্তু এখন কক্ষগুলো খালি।
গত বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে দেখা যায়, পার্কের বিভিন্ন রাইড খালি পড়ে আছে। সেদিন বিকেলে সব মিলিয়ে ২৫-৩০ জন দর্শনার্থী চোখে পড়েছে।
একইভাবে প্রায় পর্যটকশূন্য হয়ে পড়েছে পতেঙ্গা ও পারকি সমুদ্রসৈকতও। লোকজন না থাকায় স্পিডবোট ও টমটম গাড়ির মালিকেরা অলস সময় পার করছেন।
পতেঙ্গা সৈকত স্পিডবোট মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আলম বলেন, ‘অবরোধ শুরু হওয়ার পর মানুষ এখানে আসছে না। তাই আমাদের ব্যবসাও হচ্ছে না।’
সূত্র জানায়, পর্যটক কমে যাওয়ায় আবাসিক হোটেলের ব্যবসাও উল্লেখযোগ্য হারে কমে গেছে। নগরের নামী হোটেলগুলোতে এখন ৫ থেকে ২০ শতাংশ কক্ষ ভাড়া হচ্ছে। নগরের টাওয়ার ইন হোটেলে ১১০টি কক্ষ আছে। এর মধ্যে ১০টির বেশি ভাড়া হচ্ছে না। ওয়েল পার্ক হোটেলেও ২০ শতাংশের বেশি কক্ষ ভাড়া হচ্ছে না। একইভাবে নগরের আগ্রাবাদ হোটেল, পেনিনসুলা, আল ফয়সাল, অ্যাম্বাসেডরসহ অন্যান্য হোটেলেও বেশির ভাগ কক্ষ খালি পড়ে আছে। অনেক হোটেল কর্তৃপক্ষ এ পরিস্থিতিতে কর্মকর্তা-কর্মচারীদের বাধ্যতামূলক ছুটি দিয়েছে।
নগরের জিইসি এলাকার ওয়েল পার্ক হোটেলের উপব্যবস্থাপক মো. মনসুর বলেন, ‘প্রতিদিন বুকিং বাতিল হচ্ছে। ১৫ থেকে ২০ শতাংশের বেশি কক্ষ ভাড়া হচ্ছে না। আমাদের দৈনিক ক্ষতি ছয় লাখ টাকারও বেশি।’
হোটেল টাওয়ার ইন ইন্টারন্যাশনালের ব্যবস্থাপক আবদুল বারী ভূঁইয়া বলেন, ‘এটা আমাদের ভরা মৌসুম। কিন্তু টানা অবরোধে এখন পথে বসার অবস্থা। দৈনিক সাত-আটটির বেশি রুম ভাড়া হয় না। বুকিং বাদ দিচ্ছে সবাই। পর্যটকের পাশাপাশি ব্যবসায়িক কাজেও লোকজন আসছেন না। এভাবে চলতে থাকলে অনেক হোটেল বন্ধ করে দিতে হবে। আমরা অনেক স্টাফকে বাধ্যতামূলক ছুটি দিয়েছি।’