ভরা শ্রাবণেও বৃষ্টিহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রাবণ মাসের শেষ নাগাদ চলে এসেছে। সারা দেশ থেকেই বৃষ্টি, বন্যা আর ভাঙনের খবর আসছে। ব্যতিক্রম শুধু উত্তরের কয়েকটি অঞ্চল। ভরা শ্রাবণে বৃষ্টিহীন এ অঞ্চলে আমনচাষিরা পড়েছেন বিপাকে। আমনের এ ভরা মৌসুমে বৃষ্টিনির্ভর এসব ধানের চারা বাঁচাতে বাড়তি খরচ করে কৃষকদের সেচ দিতে হচ্ছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
ঠাকুরগাঁও: গত মঙ্গলবার ঠাকুরগাঁও সদর উপজেলার বরুনাগাঁও, ইয়াকুবপুর, রাজাগাঁও, বৈকণ্ঠপুর ও বালিয়াডাঙ্গী উপজেলার ফুলপুর এলাকা সরেজমিনে ঘুরে দেখা গেছে, পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাবে আমন খেতের জমি শুকিয়ে গেছে। শুষ্ক জমিতে প্রচুর আগাছা জন্মেছে। শ্রমিকেরা এসব খেতের আগাছা তুলতে ব্যস্ত।
এ দিন কথা হয় বৈকণ্ঠপুর গ্রামের হেমকত আলীর (৪৮) সঙ্গে। তিনি বলেন, তিনি তিন বিঘা জমিতে আমন চারা লাগিয়েছেন। ঠিকমতো বৃষ্টিপাত হলে সাধারণত এক বিঘা জমিতে আমন আবাদ করতে সাড়ে ছয় হাজার টাকা লাগে। এ বছর পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় তাঁকে ডিজেল ইঞ্জিনচালিত শ্যালো মেশিন দিয়ে আমন আবাদ করতে হচ্ছে। কয়েক দিন সেচ না দেওয়ায় জমি শুকিয়ে গেছে। শুকনো মাটিতে আগাছা হয়। বাড়তি সেচ ও আগাছা দমনে তাঁকে অতিরিক্ত ২৫০০ থেকে ৩০০০ টাকা খরচ করতে হচ্ছে।
বালিয়াডাঙ্গীর ফুলপুর এলাকার রামেন চন্দ্র বলেন, ‘অনেক কষ্টে তিন বিঘা জমিতে চারা লাগিয়েছি। কিন্তু জমি শুকিয়ে যাওয়ায় আগাছার দাপটে ধানের চারা নষ্ট হয়ে যাচ্ছে। হাতে সেচ দেওয়ার মতো টাকাও নেই। এক বিঘা জমিতে ভাড়া করা শ্যালোতে সেচ দিতে ডিজেল খরচ দিয়েও প্রতি ঘণ্টায় ১২০ টাকা দিতে হয়। বৃষ্টি না হলে আমন ধান ঘরে তুলতে পারব কি না বলতে পারছি না।’
ঠাকুরগাঁওয়ের বেসরকারি উন্নয়ন সংস্থা প্র্যাকটিক্যাল অ্যাকশনের কৃষিবিদ পজিদুর রহমান বলেন, বৃষ্টিপাত পর্যাপ্ত না হলে আমন খেতে প্রচুর আগাছা, রোগ ও পোকার আক্রমণ দেখা দেয়। ফলে ধানের ফলন ২০ থেকে ২৫ ভাগ কমে যাওয়ার আশঙ্কা থাকে। আবার উৎপাদিত ধানের মানও ভালো হয় না।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঠাকুরগাঁওয়ের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় ১ লাখ ২৯ হাজার ৭১২ হেক্টর জমিতে চলতি মৌসুমের আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জুলাই পর্যন্ত ৯৩ হাজার হেক্টর জমিতে আবাদ হয়েছে।
ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আরশেদ আলী বলেন, রোপা আমন চাষের জন্য কৃষকেরা বৃষ্টির ওপর নির্ভরশীল। বৃষ্টিপাত কম হওয়ায় কৃষকদের গভীর-অগভীর নলকূপ দিয়ে খেতে সেচ দিয়ে আবাদ চালাতে পরামর্শ দেওয়া হচ্ছে। এতে বাড়তি খরচ হলেও উৎপাদনে খুব একটা প্রভাব পড়বে না।
রংপুর: চার দিন ধরে রংপুরের আকাশে মেঘ থাকলেও বৃষ্টি নেই। ২০ থেকে ২৫ দিন আগে বৃষ্টি হওয়ায় জমিতে পানি জমে। তখন কৃষকেরা তাড়াতাড়ি আমন রোপণ করলেও এখন প্রচণ্ড রোদে এসব চারা শুকিয়ে যাচ্ছে। এ অবস্থায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর কার্যালয়ের উপপরিচালক জুলফিকার হায়দার বলেন, গত ১৫ জুলাই থেকে এ পর্যন্ত ৫০ শতাংশ জমিতে আমন রোপণ হয়েছে। প্রচণ্ড রোদে খরা বিরাজ করায় কৃষকদের সেচযন্ত্রের মাধ্যমে জমিতে পানি দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এ বিষয়ে জরুরি ভিত্তিতে প্রচারপত্রও বিলি করা হবে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার মুসলিম বাজার এলাকায় কৃষক মনতাজ আলী নিজ জমিতে ডিজেলচালিত সেচযন্ত্র দিয়ে সেচ দিচ্ছেন। তিনি বলেন, ‘বৃষ্টির আশায় আমন আবাদ করি। এই আবাদোত ফির সেচ দিয়া পানি দেওয়া লাগলে খরচ অনেক বেশি হইবে। তারপরও জমির খেত তো বাঁচানো লাগবে।’
রংপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা মোহাম্মদ আলী গত সোমবার বিকেলে মুঠোফোনে বলেন, এখানকার তাপমাত্রা গত ১০ দিনে ৩৬ দশমিক ৩ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস ওঠানামা করে। আকাশে মেঘ জমলেও বৃষ্টি হচ্ছে না।