ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম মেড্ডা এলাকায় ব্যক্তিমালিকানাধীন পুকুর বালু ফেলে ভরাটের ঘটনায় থানায় মামলা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে গত সোমবার এ মামলা করা হয়েছে।
এদিকে ভরাট আড়াল করতে মালিকপক্ষ রাস্তাসংলগ্ন পুকুরপাড়ে টিনের বেড়া দিয়েছে। ইতিমধ্যে পুকুরটির বেশির ভাগই ভরাট করা হয়েছে। এর আগে পরিবেশ অধিদপ্তর ও ব্রাহ্মণবাড়িয়া পৌর কর্তৃপক্ষ ভরাট বন্ধে পুকুরের মালিককে লিখিত নোটিশ দিলেও তাঁরা তা আমলে নেননি। পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. ছায়েফ উল্যাহ তালুকদার প্রথম আলোকে বলেন, ‘আমরা নোটিশ করার পরও মালিকপক্ষ আমলে নিচ্ছিল না। তাই সোমবার আমরা ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা করেছি।’ সরেজমিন দেখা গেছে, ভরাটের কাজ আড়াল করতে পুকুরের পূর্ব পাড়জুড়ে টিনের বেড়া দেওয়া হয়েছে। এর ভেতরে পাইপ লাগিয়ে দিন-রাত চলছে বালু ভরাট। পুকুর ভরাটকারীরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাই তাঁরা আইনকানুনের তোয়াক্কা করছেন না বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। পরিবেশ অধিদপ্তরের জ্যেষ্ঠ যন্ত্রবিদ (সিনিয়র টেকনিশিয়ান) মো. আনোয়ার হোসেন বলেন, জলাধার সংরক্ষণ আইন, ২০০০-এর ৩৬ নম্বর ধারা অনুযায়ী এভাবে পুকুর ভরাট শাস্তিযোগ্য অপরাধ। এ আইনে ভরাটকারীর বিরুদ্ধে কারাদণ্ডসহ অর্থদণ্ডের বিধান রয়েছে। ছায়েফ উল্যাহ বলেন, এ মামলা ছাড়াও পরে চট্টগ্রামের পরিবেশ আদালতে মামলা করা হবে।