ভরাট ও দূষণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরের খাল-পুকুর
বরিশাল নগরের চারপাশ এবং ভেতরের খাল ও পুকুরগুলো ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণ করা হচ্ছে। স্থানীয় লোকজন ও প্রভাবশালী ব্যক্তিরা এ কাজ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সিটি করপোরেশন ও প্রশাসন এ অপতৎপরতা বন্ধে যথাযথ পদক্ষেপ নিচ্ছে না। একই সঙ্গে সংস্কার ও সংরক্ষণের অভাবে খাল ও পুকুরের পানি দূষিত হচ্ছে। এতে নগরে পানির সংকট ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, চাঁদমারী খাল, নগরের মেডিকেল ডাক্তার কোয়ার্টার খাল, ভাটিখানার খালসহ কয়েকটি খালের অস্তিত্ব নেই বললেই চলে। সাগরদী খাল, জেল খাল ও আমানতগঞ্জ খালও বিলীন হওয়ার উপক্রম হয়েছে। বরিশাল সিটি করপোরেশনের অধীনে নগরে মোট ১১টি পুকুর আছে। এর মধ্যে এখন শুধু বিবির পুকুর, রাখাল বাবুর পুকুর, জেলা পরিষদ পুকুর, কাঠপট্টি থানার পুকুর ও শিশুপার্ক পুকুরের সন্ধান পাওয়া গেলেও অন্যগুলোর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।এলাকাবাসী সূত্রে জানা গেছে, নগরের প্রাণকেন্দ্র সদর রোডের ঠিক যেখানটায় এখন পৌর সুপার মার্কেট, সেখানে একটি বড় পুকুর ছিল। রাজাবাহাদুর সড়কের বরিশাল মহিলা ক্লাব ও বরিশাল অফিসার্স ক্লাবের মধ্যবর্তী প্রায় দেড় একর জায়গার পুকুরটি ভরাট করে সেখানে বরিশাল মডেল স্কুল ও কলেজের বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। খাল, পুকুর ও জলাশয় ভরাটের কারণে শহরে পানির সমস্যা দেখা দিয়েছে। অনেক সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে চাহিদা অনুযায়ী পানি পাওয়া যায় না।সরেজমিনে দেখা গেছে, নগরের প্রাণকেন্দ্রে অবস্থিত রাখাল বাবুর পুকুরটি সংরক্ষণের নামে বরিশাল সিটি করপোরেশনের অধীনে পাইলিং করা হয়েছে। এর পূর্বপাড় ভরাট করে দুটি বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। আরও অনেক জায়গা ভরাটের জন্য মাটি ও পাথর ফেলা হচ্ছে। একইভাবে নগরের মল্লিক রোডে অবস্থিত পুলিশ ক্লাব পুকুরের পূর্বপাড় মাটি ফেলে ভরাট করা হয়েছে।পরিবেশ অধিদপ্তর বরিশাল কার্যালয় সূত্রে জানা গেছে, রাখাল বাবুর পুকুরের অবস্থা সবচেয়ে ভয়াবহ। এই পুকুরে চারদিকের আবাসিক ভবন, বাড়ির পয়োনিষ্কাশন ও শৌচাগারের লাইন রয়েছে। এতে ওই পুকুরের পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে এবং এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। এ ছাড়া জেলা পরিষদ পুকুর, বিবির পুকুর ও বেলসপার্ক-সংলগ্ন পুকুরের অবস্থা পরিবেশসম্মত নয়। পানি এতই দূষিত যে মাছ বা কোনো জলজ প্রাণী এসব পুকুরে থাকলে মারা যাবে।বরিশাল সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন বলেন, ‘আমরা বরিশালের খাল, পুকুর ও জলাশয় ভরাটের বিরুদ্ধে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’বরিশালে খাল, নদী, পুকুর ও জলাশয় রক্ষা কমিটির সদস্যসচিব এনায়েত হোসেন বলেন, বরিশালের খাল, পুকুর ও জলা ভরাটের বিরুদ্ধে নানা কর্মসূচি নেওয়ার পরও তেমন সুফল পাওয়া যাচ্ছে না।পরিবেশ অধিদপ্তরের বরিশাল কার্যালয়ের উপপরিচালক আসাদুল হক বলেন, ‘পরিবেশ আইন অনুযায়ী, আবাসিক এলাকার পুকুর ও জলাশয় ভরাট করা যাবে না। ভরাট করতে হলে পরিবেশ অধিদপ্তরের অনুমতি নিতে হবে। রাখাল বাবুর পুকুরসহ নগরের বেশ কয়েকটি পুকুর ভরাট করা হচ্ছে। পুকুর ভরাটের ঘটনায় জড়িত ব্যক্তিদের আমরা নোটিশ করেছি।’