ভরাট ও দূষিত হচ্ছে হালদা নদী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাজিরহাট ও ফটিকছড়ি পৌরসভাসহ বিভিন্ন হাট-বাজার, বাসাবাড়ির ময়লা-আবর্জনা ও জবাই করা পশুর বর্জ্য ফেলার কারণে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হালদা নদী ভরাট ও পানি দূষিত হয়ে যাচ্ছে।
সরেজমিনে ফটিকছড়ি পৌরসভার রাজঘাট ও নাজিরহাট এলাকায় গিয়ে দেখা গেছে, নদীর প্রায় এক কিলোমিটার এলাকায় লোকজন আবর্জনা ফেলে রেখেছে। এসব আবর্জনার স্তূপে কুকুর ও কাক ভিড় জমিয়েছে। পথচারীরা নাকে রুমাল চেপে চলাচল করছে।
নাজিরহাট বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী আনসার আলী ও দিদারুল আলম জানান, প্রতিদিন বাজারের লোকজন এসব স্থানে আবর্জনাগুলো ফেলে যায়। এসব আবর্জনার দুর্গন্ধে টিকে থাকা কঠিন।
স্থানীয় বাসিন্দা মুহাম্মদ রায়হান জানান, প্রায় এক দশক আগেও হালদা নদীর প্রশস্ত ছিল প্রায় ২৫০ ফুট। বছরজুড়েই পানি থাকত। ভারী নৌযান চলাচল করত। মিলত অনেক মাছ। বর্জ্য আর আবর্জনার কারণে নাজিরহাট এলাকায় প্রায় ৫০ ফুট এলাকা ভরাট হয়ে গেছে। এখন নদীতে আর নামা যায় না। তা ছাড়া, নতুন সেতুসংলগ্ন এলাকায় জবাই করা বিভিন্ন পশুর বর্জ্য ফেলার কারণেও নদী ভরাট হয়ে গেছে।
দৌলতপুর গ্রামের গৃহবধূ জিন্নাত আকতার বলেন, মানুষ বিভিন্ন আবর্জনা ফেলে নদীকে পুরোপুরি নষ্ট করেছে। এখন গোসল করতে গেলেই নদীতে ইনজেকশনের সিরিঞ্জ, স্যালাইনের ব্যাগ ও প্লাস্টিকের বোতলসহ আবর্জনা আর বর্জ্য ভেসে যেতে দেখা যায়। গোসল শেষে শরীর চুলকায়।
ফটিকছড়ি পৌরসভার মেয়র মো. ইসমাইল হোসেন জানান, পৌরবাসী ও পরিচ্ছন্নতাকর্মীরা ময়লা-আবর্জনা নিয়মিত পরিষ্কার করছে। কিন্তু অসচেতন কিছু ব্যক্তি তা নদীতে ফেলছে।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, আবর্জনা ও বর্জ্য নদীতে না ফেলার সরকারি নির্দেশনা রয়েছে। তার পরও কেউ এটি অমান্য করলে খবর নিয়ে ভবিষ্যতে এসব বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।