ভরাট নালায় জলাবদ্ধতা, পৌরবাসীর চরম দুর্ভোগ
বগুড়ার শেরপুর পৌরসভার পানি নিষ্কাশনের কয়েকটি নালা মাটিতে ভরে গেছে। নালাগুলো অগভীরও। এ কারণে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়৷ নালার ময়লা-আবর্জনায় রাস্তা ভরে যায়। আর মুষলধারে বৃষ্টি হলে পৌরসভার কয়েকটি সড়ক পানিতে তলিয়ে যায়। তখন নালার নোংরা পানি সড়কের পাশের বিভিন্ন বাড়িতেও ঢুকে যায়। অবর্ণনীয় দুর্ভোগে পড়েন পৌরবাসী।
পৌরসভা এলাকার কয়েকজন বাসিন্দা জানান, পৌর এলাকায় এ দুর্ভোগ চলে আসছে প্রায় এক যুগ ধরে। দুর্ভোগ লাঘবে স্থানীয় লোকজন একাধিকবার পৌর কর্তৃপক্ষের শরণাপন্ন হলেও কোনো ফল মেলেনি৷
গত শনিবার বিকেলে আধা ঘণ্টার মুষলধারে বৃষ্টির পর পৌর শহর ঘুরে দেখা গেছে, রামচন্দ্রপুরপাড়া, জগন্নাথপাড়ার পশ্চিম সড়ক, সবুজ মেলা কেজি স্কুল সড়ক, বসাকপাড়া, সরদারপাড়া, পোদ্দারপাড়া, বিকাল বাজার সড়ক, সান্যালপাড়া, বাগানবাড়ি সড়ক, নন্দীগ্রাম সড়ক, শান্তিনগর, খন্দকারপাড়া, সাব-রেজিস্ট্রি সড়ক, খেঁজুরতলা, ধুনট রোড, বারোদুয়ারী হাটখোলা, বাসস্ট্যান্ডের বহুতল বিপণিবিতান সড়কের কোথাও এক থেকে দুই ফুট পানিতে তলিয়ে গেছে। এসব এলাকায় নোংরা-আবর্জনা ভাসতে দেখা গেছে।
পৌরসভায় কর্মরত সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, পৌরসভার প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে যেসব নালা রয়েছে, তা দিয়ে দ্রুত বৃষ্টির পানি নিষ্কাশন সম্ভব না। নতুন করে গভীর নালা নির্মাণ না হওয়া পর্যন্ত এ দুর্ভোগ থেকেই যাবে।
ধুনট রোড এলাকায় বৃষ্টির পানি নিষ্কাশনে ব্যস্ত থাকতে দেখা যায় পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফিরোজ আহমেদকে। তিনি জানান, নালা নিয়ে পৌরবাসীর দুর্ভোগ দীর্ঘদিনের। পৌরসভার নিজস্ব অর্থ না থাকায় এত দিন এ সমস্যা সমাধান করা সম্ভব হয়নি। একই কথা বলেন, পৌরসভার অন্যান্য এলাকার ওয়ার্ড কাউন্সিলররাও।
বিকাল বাজারের কাঁচামাল ব্যবসায়ী দুলাল সরকার জানান, ভারী বৃষ্টি হলে বাজারের ভেতরে প্রায় হাঁটু পানি জমে। এতে তাঁদের ব্যবসাও বন্ধ হয়ে যায়। একই কথা বলেন স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় বহুতল বিপণিবিতানের একাধিক ব্যবসায়ী। নয়া মিয়া সরকারসহ বিকাল বাজার এলাকার কয়েকজন বাসিন্দা জানান, ভারী বৃষ্টিতে নালার আবর্জনাসহ পানি ঢুকে পড়ে বাড়ির ভেতরে। প্রায় এক যুগ ধরে এমন পরিবেশে কষ্ট করে তাঁদের বসবাস করতে হচ্ছে। নালা মাটিতে ভরে যাওয়ায় মূলত এ অবস্থার সৃষ্টি হয়েছে। তাঁরা পৌর কর্তৃপক্ষের কাছে গেলে শুধু দুর্ভোগ লাঘবের আশ্বাস পান।
পৌরসভার মেয়র স্বাধীন কুমার কুণ্ডু বলেন, পৌরসভায় কমপক্ষে তিনটি গভীর নালা নির্মাণ করা গেলে এ দুর্ভোগ দূর করা সম্ভব। এসব নালা নির্মাণে বিশ্বব্যাংকের অর্থ পাওয়া যাবে। তা এখন প্রক্রিয়াধীন রয়েছে।