ভরাট বন্ধে নোটিশ
সিলেট নগরের মির্জাজাঙ্গাল এলাকার প্রাচীন রামের দিঘি ভরাট বন্ধের দাবিতে আইনি নোটিশ দিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। গত ২৭ নভেম্বর সিলেট সিটি করপোরেশনের মেয়র, পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের সচিবসহ নয়জনের কাছে এ নোটিশ পাঠানো হয়।সম্প্রতি স্থানীয় লোকজন বাণিজ্যিক উদ্দেশ্যে দিঘিটি ভরাট করা হচ্ছে এ অভিযোগ করে বেলা বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করে এটি রক্ষার আবেদন জানান। আবেদনের পরিপ্রেক্ষিতে বেলার সিলেটের কর্মকর্তারা ওই এলাকা সরেজমিনে পরিদর্শন করে ঘটনার সত্যতা পান। পরে সংশ্লিষ্ট ব্যক্তিদের বেলার আইনজীবী তাসলিমা ইসলাম স্বাক্ষরিত একটি নোটিশ অব ডিমান্ড ফর জাস্টিস প্রদান করা হয়। ওই নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে বেলাকে সংশ্লিষ্ট বিষয়ে অবহিত না করা হলে পরিবেশগত অধিকার রক্ষায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়।বেলা সিলেটের গবেষণা কর্মকর্তা জহরত রিশাত প্রথম আলোকে বলেন, ‘ঐতিহ্যবাহী রামের দিঘিটিকে আগের অবস্থায় ফিরিয়ে এনে জলাধার হিসেবে যথাযথভাবে সংরক্ষণের কথা সংশ্লিষ্টদের জানানো হয়েছে।’