
বিলুপ্ত আদমজী জুট মিলের বিশাল আয়তনের আরও একটি পুকুর ভরাট করছে আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (এইপিজেড) কর্তৃপক্ষ। পরিষ্কার ও স্বচ্ছ পানির ৪ নম্বর পুকুরটির কিছু অংশ ইতিমধ্যে ভরাট করা হয়েছে।
নারায়ণগঞ্জ নাগরিক কমিটি সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেছেন, আদমজী জুট মিল বাংলাদেশের শিল্পায়নের প্রতীক। বাংলাদেশের শিল্প-সভ্যতার সঙ্গে সম্পৃক্ত। মিলের অভ্যন্তরে পুকুরগুলো রক্ষা করা উচিত ছিল বেপজার। তিনি বলেন, এভাবে সব পুকুর ভরাট করে ফেললে এইপিজেডের প্রাকৃতিক ভারসাম্য যেমন নষ্ট হবে, পরিবেশও হবে বিপন্ন।
পাকিস্তান আমলে শিল্পপতি গুল মোহাম্মদ আদমজী ১৯৫১ সালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৩০০ একর জমির ওপর আদমজী জুট মিল গড়ে তোলেন। ২০০১ সালে বিলুপ্তির আগ পর্যন্ত এটি ছিল বাংলাদেশের সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান, যেখানে ৩০ হাজার শ্রমিক একসঙ্গে কাজ করতেন। প্রতিষ্ঠার সময় মিলের সৌন্দর্যবর্ধন ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে মিল কর্তৃপক্ষ বিভিন্ন উদ্যোগ নেন। বিভিন্ন প্রজাতির গাছ লাগানো ও ফুলের বাগান করার পাশাপাশি মিল অভ্যন্তরে তৈরি করা হয় বিশাল আয়তনের নয়টি পুকুর। প্রতিটি পুকুরের পাড় ঘেঁষে ছিল নানা প্রজাতির ফলদ ও বনজ গাছ। পুকুরের স্বচ্ছ পানিতে চলত গোসল, সাঁতার, নৌ-ভ্রমণ।
পুকুরগুলোর কারণে আদমজী জুট মিলে কখনো বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। আগুন লাগলেই মিলের নিজস্ব পাম্প মেশিনের সাহায্যে পুকুর থেকে পানি তুলে আগুন নিভিয়ে ফেলা হতো।
২০০১ সালে ১ জুলাই থেকে গোল্ডেন হ্যান্ডশেক নীতির মাধ্যমে তৎকালীন সরকার মিলটি বন্ধ করে দেয়। বেপজা গঠন করে এইপিজেড কর্তৃপক্ষ। বেপজা কর্তৃপক্ষ মিল অভ্যন্তরের নয়টি পুকুরের ছয়টিই ভরাট করে ফেলেছে। বাকি তিনটির মধ্যে ২ নম্বর পুকুর ৫০ ভাগ ভরাট হয়ে গেছে। পরিত্যক্ত অবস্থায় আছে ৩ নম্বর পুকুর। অবাঙালিদের আবাসনের জন্য বরাদ্দ করা ১১ একর জায়গার মধ্যে পড়েছে এ পুকুর। কিন্তু পরিষ্কার স্বচ্ছ পানির সুবিশাল ৪ নম্বর পুকুরটি এইপিজেডের সৌন্দর্যের অন্যতম বাহক। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষারও উপাদান। কিন্তু বেপজা কর্তৃপক্ষ এখন এই পুকুরটিও ভরাট করে ফেলছে। ইতিমধ্যে প্রধান সড়ক থেকে পুকুরটির প্রায় ১৬০ ফুট ভরাট সম্পন্ন হয়ে গেছে।
চালু থাকা অবস্থায় আদমজী জুট মিলস এমপ্লয়িজ ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মাসউদ বাদল (৬৪) তাঁর জীবনের উল্লেখযোগ্য অংশ কাটিয়েছেন আদমজী জুট মিলে। তিনি বলেন, বিশাল আকারের পুকুরগুলো মিলের পরিবেশ রক্ষায় ও সৌন্দর্যবর্ধনে ভূমিকা রেখেছিল। শ্রমিকেরা পুকুরগুলো বিনোদনের মাধ্যম হিসেবেও ব্যবহার করেছেন। এগুলো বর্তমান এইপিজেডের কল্যাণেও কাজে আসত। এগুলো রক্ষা করে এইপিজেড নির্মিত হলে এর সৌন্দর্য আরও কয়েক গুণ বেড়ে যেত। পরিবেশও ভালো থাকত।
কয়েকজন এলাকাবাসী জানান, পুকুর ভরাটের বিরুদ্ধে এর আগে তাঁরা দাবি জানিয়েছেন, কিন্তু বেপজা কর্তৃপক্ষ তাতে কর্ণপাত করেনি।
জানতে চাইলে এইপিজেডের মহাব্যবস্থাপক মেহবুব আলম বলেন, পুকুরগুলো মাস্টার প্ল্যানে রেকর্ড করা। আর মাস্টার প্ল্যান তো সরকারই অনুমোদন দেয়। মাস্টার প্ল্যানে পুকুরগুলো প্লট আকারে নির্ধারণ করা আছে। এখন বিনিয়োগকারীদের প্লট বুঝিয়ে দিতে হলে তো এগুলো ভরাট করতেই হবে।