ভরাট হচ্ছে বংশাল খাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের চান্দগাঁও এলাকার বংশাল খাল অবৈধভাবে ভরাট করে ফেলা হচ্ছে। নগরের সিঅ্যান্ডবি এলাকার গ্যাস কলোনির পাশে এই ভরাট চলছে। ক্রমাগত দখলের ফলে খালের প্রস্থ কমেছে ২৫-৩০ ফুট।
স্থানীয় বাসিন্দারা এ জন্য বিএনপির কর্মী শামসুল আলমকে দায়ী করেছেন। এ ব্যাপারে ব্যবস্থা নিতে চট্টগ্রাম সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরকে চিঠি দিয়েছেন এলাকাবাসী৷
নগরের নাসিরাবাদ শিল্প এলাকা থেকে শুরু হওয়া এ খালটি বহদ্দারহাট ও চান্দগাঁও দিয়ে প্রবাহিত হয়ে কর্ণফুলী নদীতে মিশেছে। এই খাল চান্দগাঁও, বহদ্দারহাট ও কালুরঘাট এলাকার বৃষ্টির পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম বলে জানা গেছে।
গ্যাস কলোনির দুই ভাড়াটিয়া জানান, ছয় মাস আগে খাল ভরাটের এই প্রক্রিয়া শুরু হয়েছে। প্রতিদিনই খালের কোনো না কোনো অংশ ভরাট করা হচ্ছে। ইতিমধ্যে খালের ভেতর পর্যন্ত দখল হয়ে গেছে। কেউ কোনো বাধা দিচ্ছে না।
গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, খালের পাড় থেকে ভেতর পর্যন্ত প্রায় ৩০ ফুট ভরাট করে ফেলা হয়েছে। মাটি ও বালু-ইটের টুকরো ফেলা হচ্ছে খালের মধ্যে। খালের একটি অংশ ভরাট করে অন্তত ১৫টি সেমিপাকা ঘর নির্মাণ করা হয়েছে। প্রায় দুই মাসে আগে এসব ঘর ভাড়া দেওয়া হয়েছে।
আজিম উদ্দিন নামের এক প্রবীণ ব্যক্তি জানান, বালু ব্যবসায়ীরা কালুরঘাট থেকে বালুর নৌকা নিয়ে আসত এই ঘাটে। ভরাট করার ফলে নৌকা আসছে না। দখল করায় খালের প্রশস্ততা কমেছে। গত রোববারের বৃষ্টিতে পুরো এলাকা তলিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে শামসুল আলম ওরফে শামসু কোম্পানির তত্ত্বাবধায়ক মোহাম্মদ জাফর বলেন, ‘এ বিষয়ে কিছু বলতে পারব না। আপনার সঙ্গে শামসু ভাইয়ের লোক যোগাযোগ করবেন।’
সিটি করপোরেশনের চান্দগাঁও ওয়ার্ডের কাউন্সিলর মাহবুবুল আলম বলেন, ‘স্থানীয় প্রভাবশালী এক ব্যক্তি আস্তে আস্তে গুরুত্বপূর্ণ এই খাল ভরাট করে ফেলছেন। বিষয়টি আমি করপোরেশনের সম্পত্তি বিভাগকে জানিয়েছি। কিন্তু তারা আজ পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি।’
একই কথা বলেন মোহরা ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আজম।
সিপি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা আহমদুল হক বলেন, ‘খাল ভরাটের কোনো অভিযোগ পাইনি। স্থানীয় কাউন্সিলরা এ ব্যাপারে ভালো জানবেন।