হাকালুকি হাওরের সঙ্গে যুক্ত মৌলভীবাজারের জুড়ী উপজেলার ‘জুড়ী’ নদী পলিতে ভরাট হয়ে গেলেও এটি খননের উদ্যোগ নেওয়া হচ্ছে না। ফলে শুষ্ক মৌসুমে কৃষকেরা ভোগেন সেচ সংকটে। আর বর্ষায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদী উপচে তীরবর্তী এলাকার বোরো ফসল তলিয়ে যায়। ভারতের ত্রিপুরা রাজ্যের ধর্মনগর এলাকা থেকে জুড়ী নদীর উৎপত্তি। জুড়ী উপজেলার বটুলি সীমান্ত দিয়ে নদীটি বাংলাদেশে ঢুকেছে। পরে দুটি ভাগে বিভক্ত হয়ে এটি হাকালুকি হাওর হয়ে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীতে গিয়ে মিশেছে।সূত্র জানায়, সর্বশেষ গত বছরের এপ্রিলের শেষ দিকে টানা কয়েক দিনের ভারী বর্ষণে জুড়ী নদীর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হাওরপারের বিভিন্ন এলাকার হাজার হাজার হেক্টরের বোরো ফসল তলিয়ে যায়। একই সঙ্গে এসব এলাকায় দেখা দেয় দীর্ঘ জলাবদ্ধতা। একই বছরের ২৫ সেপ্টেম্বর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মহাপরিচালক হাবিবুর রহমান জুড়ীর বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতা পরিদর্শন করেন। এ সময় তিনি জুড়ী নদী খননের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।সরেজমিনে ঘুরে দেখা গেছে, নদীর কিছু কিছু স্থানে সামান্য পানি আছে। অনেক স্থান শুকিয়ে গেছে। কোথাও স্থানীয়ভাবে কৃষকেরা নদীতে ছোট ছোট বাঁধ দিয়ে বোরো খেতে সেচের জন্য পানি আটকে রেখেছেন। উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের কালনীগড় গ্রামের প্রমথ দাস (৪৫) বলেন, ‘গাঙ তো পুরাটাউ ভরি গেছে। খোদানি অয় না। সেচর লাগি পানি মিলে না। ধান পাকার সময় মেঘবৃষ্টি আইলে বুক কাঁপিয়া উঠে।’সদর জায়ফরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোসলেহ উদ্দিন বলেন, ‘নদীটি খনন করা হলে ঢলের পানি সহজে নিষ্কাশন করা সম্ভব হতো। সেচের অভাবে কৃষকদের দুর্ভোগ পোহাতে হতো না।’ উপজেলা কৃষি কর্মকর্তা বাছিরুল আলম জানান, চলতি মৌসুমে উপজেলার পাঁচ হাজার ২৫০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত মৌসুমে প্রায় তিন হাজার হেক্টর জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। ইউএনও মনীষ চাকমা বলেন, ‘সেচ সংকটের সমস্যা ঘোচাতে উপজেলা প্রশাসনের সহযোগিতায় কাটানালা নামের একটি খালের প্রায় এক কিলোমিটার জায়গা খননের কাজ শুরু হয়েছে। এ ছাড়া বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) উদ্যোগে জিয়া খাল খননের কাজও চলতি মাসের মধ্যে শুরু হবে। দুটি খালই জুড়ী নদীর সঙ্গে যুক্ত। কিন্তু নদীটি দিন দিন ভরাট হয়ে যাচ্ছে। তাই এটি খননের দাবি খুবই যৌক্তিক।’পাউবোর মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘জুড়ী নদীর উজানের আট কিলোমিটার জায়গা খননের কাজ গুচ্ছ প্রকল্পে অন্তর্ভুক্ত করতে একটি প্রস্তাব স্থানীয় সাংসদের সুপারিশসহ গত বছরের ৩০ ডিসেম্বর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এটি অনুমোদন এবং অর্থ বরাদ্দ পাওয়া গেলে দ্রুত কাজ শুরু করা যাবে।’