ভরাটকারীকে তলব ভূমি কর্মকর্তাকে নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ইউনিয়নে খাল ভরাট করে আবাসন প্রকল্প গড়ে তোলায় এক ভরাটকারীকে তলব করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে খাল ভরাটের তথ্য জেলা প্রশাসনকে না জানানোয় ওই ইউনিয়ন ভূমি কার্যালয়ের সহকারী ভূমি কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।এদিকে পরিবেশ অধিদপ্তরও জানিয়েছে, ভরাটে জড়িত ব্যক্তিদের তলব করে জরিমানা করা হবে।গত বৃহস্পতিবার প্রথম আলোর পৃষ্ঠা ৫-এ ‘খাল ভরাট করে উপশহর’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি গাজীপুর জেলা প্রশাসক এবং ঢাকায় পরিবেশ অধিদপ্তরসহ কর্তৃপক্ষের নজরে আসে। ওই দিনই জেলা প্রশাসকের নির্দেশে সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা মো. আখতার হোসেনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়।বিষয়টি নিশ্চিত করে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীনুর ইসলাম বলেন, ‘ভাওয়াল মির্জাপুর এলাকায় পাইনশাইল মৌজার জলাশয় ভরাট করায় আবাসন ব্যবসায়ী মোশারফ হোসেন ওরফে দুলালকে তলব করা হয়েছে। আগামী ৭ এপ্রিল বেলা ১১টায় তাঁর দাবির সপক্ষে প্রয়োজনীয় প্রমাণাদিসহ আমার কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়েছে। ওই তারিখে যথাসময়ে উপস্থিত না হলে বিধি মোতাবেক তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’পরিবেশ অধিদপ্তরের পরিচালক প্রথম আলোকে বলেন, খাল ভরাটে জড়িত মোশারফ, মো. ফিরোজ উদ্দিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ঢাকায় পরিবেশ অধিদপ্তরে তলব করে জরিমানা করা হবে।