ভরাটে সংকুচিত হচ্ছে কুষ্টিয়ার পানি নিষ্কাশনের প্রধান খাল
ভরাটে সংকুচিত হয়ে যাচ্ছ কুষ্টিয়া শহরের পানি নিষ্কাশনের প্রধান খাল। ফলে ভারী বর্ষণে কুষ্টিয়া শহর ও শহরতলির অধিকাংশ এলাকা হাঁটুপানি জমে যায়। কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক সড়কের পাশে গুরুত্বপূর্ণ এ খালটি বড়পিট খাল নামেই পরিচিত। খালটি পুনরুদ্ধারের উদ্যোগ নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।কুষ্টিয়া পৌরসভার জরিপ কার্যালয় সূত্রে জানা যায়, বড়পিট খালটি একসময় রেলওয়ের ছিল। কুষ্টিয়ার জগতি রেলস্টেশন থেকে রাজবাড়ী সড়কের পাশ দিয়ে রেললাইনটি কুমারখালী চলে যায়। পাশেই খালটি অনেক গভীর ছিল। কালের বিবর্তনে প্রভাবশালীরা দখল করছে। এসএ ও আরএস রেকর্ডে কিছু জায়গা ব্যক্তিমালিকানা করে নেওয়া হয়েছে। কুষ্টিয়া শহরের পানি পাকা নালার মাধ্যমে বড়পিট খাল হয়ে তিনটি কালভার্টের মাধ্যমে প্রবাহিত হয়ে জিকে ক্যানেলের ছাইফুন দিয়ে মান্নানখালী খাল হয়ে কালী নদীতে পড়ে।পৌরসভার সার্ভেয়ার আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, ১৯৯৪-৯৫ অর্থবছরে কুষ্টিয়া পৌরসভা জলাবদ্ধতার স্থায়ী সমাধানের জন্য কুষ্টিয়া-রাজবাড়ী সড়কসংলগ্ন চৌড়হাস মোড় থেকে হরিশংকরপুর মৎস্য হ্যাচারি পর্যন্ত বড়পিট খালটি সম্পূর্ণভাবে নালা হিসেবে ব্যবহারের জন্য কুষ্টিয়ার জেলা প্রশাসকের কাছে জমি অধিগ্রহণের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু প্রস্তাবটি অনুমোদিত হয়নি। ২০০৯ সালের দিকে খালটি উদ্ধার ও জমি অধিগ্রহণের জন্য জেলা প্রশাসনে পুনরায় আবেদন করা হয়। কিন্তু সময়মতো টাকা না দেওয়ার কারণে সেটিও বাতিল হয়ে যায়। সর্বশেষ এ বছরের ২৫ সেপ্টেম্বর আবারও আবেদন করা হয়। তিনি আরও বলেন, ময়লা-আবর্জনায় সড়কের জায়গা ভরাট হচ্ছে। মূল খাল ভরাট হচ্ছে না। বিষয়টি স্বীকার করে সওজের প্রধান নির্বাহী প্রকৌশলী শেখ মোহাম্মদ হাসিবুর রহমান বলেন, এতে সড়কের তেমন কোনো সমস্যা হবে না।সরেজমিন দেখা যায়, এলাকার প্রভাবশালী ব্যক্তিরা মাটি ভরাট করে ঘরবাড়ি নির্মাণ করেছেন। পৌরসভার বর্জ্যের কারণেও খালটি সংকুচিত হয়ে যাচ্ছে। এলাকাবাসী দাবি, এভাবে চলতে থাকলে কয়েক বছরের মধ্যে শহর ও শহরতলির একটুকু পানিও নিষ্কাশন করা সম্ভব হবে না। বর্তমানে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে সেতু, মেডিকেল কলেজ ও হাউজিং এলাকায় ঘরবাড়ি তৈরি হওয়ায় সড়কের পার্শ্ববর্তী এলাকার গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। সেই সুযোগে বড়পিট খালটিও দখলে চলে যাচ্ছে। এতে খালের পানি ধারণক্ষমতা হ্রাস পাচ্ছে।কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী প্রথম আলোকে বলেন, শহরে জলাবদ্ধতা নিরসনের জন্য খালটি পৌরসভাকে হস্তান্তর করার জন্য দুই বছর আগে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছিল। প্রস্তাবটি তৎকালীন জেলা প্রশাসক নাকচ করে দেন। এভাবে চললে ভবিষ্যতে পৌর এলাকার পানি নিষ্কাশনের কোনো জায়গা পাওয়া যাবে না। কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার আজিম আহমেদ প্রথম আলোকে বলেন, পৌরসভা অধিগ্রহণের জন্য আবেদন করেছে। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।