ভরে উঠছে দক্ষিণ বিশিল খাল

মিরপুর ১ নম্বর এলাকার দক্ষিণ বিশিল খালের গভীরতা কমে গেছে। কোথাও কোথাও খাল ভরে গেছে, প্রশস্ততা কমেছে। ভারী বৃষ্টি হলেই পানি উপচে প্লাবিত হচ্ছে পার্শ্ববর্তী এলাকা।
শাহ আলী মাজারের সামনে থেকে মাজার রোড এলাকার ১ নম্বর কলোনি রোডের শেষ মাথার কালভার্ট পর্যন্ত বিস্তৃত এ খাল। দক্ষিণ বিশিল ও মাজার রোড এলাকার মধ্য দিয়ে এটি বয়ে গেছে। গাবতলী হয়ে শনির বিল স্লুইসগেট দিয়ে এর পানি চলে যাচ্ছে তুরাগ ও বুড়িগঙ্গায়। গতকাল শনিবার সেখানে গিয়ে দেখা গেছে, মাজারের সামনের অংশে কালভার্টের শুরুতে খাল ভরে উঠেছে। মাটির স্তূপে বুনো ঘাস জন্মেছে। ওই অংশে খালের পূর্ব ও পশ্চিম পাশে আছে কয়েকটি আসবাব তৈরির দোকান, একটি কাঠ চেরাইয়ের কারখানা। কাঠের টুকরো, গুঁড়া ও ছাল মিশছে খালের পানিতে। কৃষ্ণচূড়া আবাসিক এলাকার পেছনের অংশে খাল সংকুচিত হয়ে গেছে। পানির প্রবাহ মোটামুটি। ভাসছে প্লাস্টিক ও গৃহস্থালি বর্জ্য। কোনো কোনো জায়গায় খালপাড় ভেঙে পড়ছে।
কৃষ্ণচূড়া আবাসিক এলাকার বাসিন্দা মুদার আনোয়ার বলেন, ‘এ দিকটা একটু নিচু, আর খাল তো প্রায় ভরে গেছে। বৃষ্টি হইলেই ঘরে পানি ওঠে। কম বেশি লাগে না।’
আরও কিছুদূর এগোলে দক্ষিণ বিশিল ১১ নম্বর রোডের শেষ মাথায় কালভার্টের মুখে আবর্জনা ভাসতে দেখা যায়। খালের ওপর টং দোকার, ঘর। সামনে পশ্চিম পাশে ভাঙন ঠেকাতে স্থানীয় উদ্যোগে বাঁশের বেড়া ও অ্যালুমিনিয়াম তার দিয়ে বাঁধানো খাল পাড়। খালের ওপর মাটির স্তূপ। আবর্জনা ও মাটি জমে খাল প্রায় ভরে গেছে। মাজার রোড দ্বিতীয় কলোনির বাসিন্দাদের অভিযোগ, লোকজন ময়লা ফেলছে। এ ছাড়া আশপাশের কয়েকটি নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের মাটিও খালে ফেলা হচ্ছে।
২ নম্বর কলোনির বাসিন্দা মো. হজরত বলেন, ‘বাড়িওয়ালারা খালে পাইলিংয়ের মাটি ফালায়। লোকে আবর্জনা ফেলে। খাল ভইরা যাচ্ছে। বৃষ্টি বেশি হইলেই ঘরে পানি ঢোকে।’
ভারী বৃষ্টিতে খালের এই অংশে পশ্চিম পাড়ের কয়েকটি এলাকা নোংরা পানিতে তলিয়ে যায়। এর মধ্যে মাজার রোড ১ নম্বর কলোনির কিছু অংশ, দ্বিতীয় কলোনি, টোলারবাগ, চৈতালি সড়ক, বিহারি পট্টিসহ গোদাখালি এলাকায় হাঁটুপানি ওঠে। পানি সরতেও অনেক সময় লাগে। বাড়িঘরে দীর্ঘক্ষণ পানি জমে থাকায় নানা রকম জীবাণু ও পানিবাহিত রোগে ভুগছেন সেখানকার শিশু ও বয়স্করা। পাশাপাশি মশা, মাছি, সাপ, বিছা, ব্যাঙসহ বিভিন্ন জলজ প্রাণীর যন্ত্রণা তো রয়েছেই।
দ্বিতীয় কলোনির ৪৫/৪ নম্বর প্লটের বাসিন্দা তাজুল ইসলাম বলেন, ‘ঘরেই হাঁটুপানি থাকে। মাচা করে থাকি। বাইরে বের হওয়া যায় না। দুর্গন্ধে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে। জ্বর, ঘা-পাঁচড়া ছাড়েই না। ইলেকট্রনিকস ও কাঠের আসবাবপত্র নষ্ট হয়।’
কয়েকজন স্থানীয় ব্যক্তি বলেন, গত জুন মাসে স্থানীয় বাড়িওয়ালাদের উদ্যোগে একবার খালের আবর্জনা পরিষ্কার করা হয়। প্রায় ২৫ জন ভবনমালিক প্রত্যেকে পাঁচ শ থেকে এক হাজার টাকা দিয়ে ওই কাজে অংশ নেন। তাতে কোনো লাভ হয়নি। খাল খনন করতে হবে। তাহলে পানি উপচে আশপাশের এলাকা প্লাবিত হবে না।
খালটির দায়িত্ব ঢাকা ওয়াসার। বিষয়টি জানালে ওয়াসার ড্রেনেজ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কে এস চিং প্রথম আলোকে বলেন, ‘আমি মূলত উন্নয়ন-সংক্রান্ত বিষয়গুলো দেখি। যাঁরা অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স দেখেন, তাঁরা হজে গেছেন। আপাতত আমি এটা দেখছি। বিষয়টা আমার জন্য একেবারেই নতুন। দক্ষিণ বিশিল এলাকার দায়িত্বে যিনি আছেন, তাঁর মাধ্যমে একটু খোঁজখবর করি।’