ভর্তা-ভাতের সরাইখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খড়ের চালা। বাঁশের বেড়া। রাস্তার পাশ থেকে হঠাৎ তাকালে মনে হবে ছোট ছোট কুঁড়েঘর। মিরপুর বেড়িবাঁধ এলাকায় সম্প্রতি গ্রামীণ আবহ নিয়ে চালু হয়েছে ভর্তা-ভাতের রেস্তোরাঁ—সরাইখানা।
গতকাল বৃহস্পতিবার বিকেলে গিয়ে দেখা যায়, অনেকেই দুপুরের খাবার খাচ্ছেন। ঘড়িতে তখন প্রায় চারটা। শামসুন্নাহার আহমেদ পরিবার নিয়ে এসেছেন। তিনি বলেন, ‘তামান্না পার্কে ঘুরতে এসেছিলাম। কিন্তু খেতে চলে এসেছি এখানে। আগেও খেয়েছি, ভালো লেগেছে। আবার আসলাম।’
বাঁশ, কাঠ দিয়ে বসার ব্যবস্থা করা হয়েছে। প্লেট, গ্লাস, জগ থেকে শুরু করে সবই মাটির। রেস্তোরাঁটি মূলত হরেক পদের ভর্তার জন্য জনপ্রিয় হয়ে উঠছে। প্রায় সব ধরনের ভর্তাই পাওয়া যায়। চিংড়ি, টাকি ও কয়েক পদের শুঁটকি ভর্তা আছে। অন্যান্য ভর্তার চেয়ে এ ভর্তাগুলোর চাহিদা ও দাম—দুটোই বেশি। মাংসের পাশাপাশি নানা পদের মাছের স্বাদ পাওয়া যাবে। সরাইখানার ব্যবস্থাপক বললেন, ‘এখানকার হাঁসের মাংস ও রুপচাঁদা মাছ মানুষ বেশি পছন্দ করেন।’
সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে সরাইখানা। সকালের নাশতাও পাওয়া যায়, তবে সেটাও ভর্তা-ভাত। দুপুরের খাবারের আয়োজন শুরু হয় ১২টা থেকে। চলে বিকেল চারটা পর্যন্ত। শুধু ভর্তা-ভাত খেতে চাইলে একজনের ১০০ টাকায় হয়ে যাবে। ভর্তা ছাড়াও প্রায় ১০ রকমের ফলের জুস আছে। দাম পড়বে ৬০ টাকা করে।