
প্রশ্ন ফাঁসের অভিযোগে মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবিতে গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেছেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা। তাঁরা আজ বুধবার দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থীদের প্রতি ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন।
একই দাবিতে আজ সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সর্বাত্মক ছাত্র ধর্মঘট পালন করবে প্রগতিশীল ছাত্র জোট এবং সাম্রাজ্যবাদ বিরোধী ঐক্য মঞ্চ। গতকাল ১৪টি ছাত্র সংগঠনের এ দুটি জোটের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে, এটা প্রমাণিত। কিন্তু এই পরীক্ষা বাতিলের দাবিতে দীর্ঘদিন ধরে মেডিকেল কলেজে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা আন্দোলন করলেও সরকার তাঁদের কথায় কোনো কান দিচ্ছে না। এমন পরিস্থিতিতেই এই ছাত্র ধর্মঘট।
সংবাদ সম্মেলনে ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক জি এম জিলানী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক ইমরান হাবিবসহ দুই জোটের অন্তর্ভুক্ত ছাত্র সংগঠনগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সন্ধ্যায় জোটের নেতা-কর্মীরা ধর্মঘটের সমর্থনে টিএসসি এলাকায় মশাল মিছিল করেন।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল বেলা ১১টা থেকে একটা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা। তাঁরা আজও সকাল থেকে একই স্থানে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন। এ ছাড়া তাঁরা আজ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থীদের প্রতি ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানান।
এদিকে মেডিকেল ও ডেন্টাল কলেজে আবার ভর্তি পরীক্ষা নেওয়ার এবং প্রশ্ন ফাঁসে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ ছাত্র মৈত্রী।
দুপুরে মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিন থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে যোগ দেয়।