রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদে ভর্তি হতে আসা শিক্ষার্থীদের ওই অনুষদের ডিন আবদুল হাই তালুকদারের লেখা একটি বই বাধ্যতামূলকভাবে কিনতে হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
সরেজমিনে ডিনের কক্ষে গিয়ে আবদুল হাইকে শিক্ষার্থীদের তাঁর বই নিতে অনুরোধ করতেও দেখা গেছে।
একটি রাজনৈতিক দলের মতাদর্শের পক্ষে লেখা বইটির শিরোনাম ‘সম্প্রতি বাংলাদেশ’। বইটিতে ‘বিরোধী দলের নেতাদের মুক্তি’, ‘সরকারের সফলতা-বিফলতা’, ‘মাহমুদুর রহমানের পুরস্কার পাওয়া উচিত’ ও ‘তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র’ শীর্ষক বিভিন্ন প্রবন্ধ রয়েছে। এর দাম রাখা হচ্ছে ১০০ টাকা।
আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের কার্যালয়ে গিয়ে দেখা যায়, ভর্তি ফরমে ডিনের স্বাক্ষর নেওয়ার সময় বইটি বিক্রি করা হচ্ছে। শিক্ষার্থীরা জানান, প্রায় সবাইকে বইটি দেওয়া হচ্ছে এবং ১০০ টাকা করে নেওয়া হচ্ছে।
সরেজমিনে ডিনের কক্ষে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা স্বাক্ষর নেওয়ার সময় ডিন আবদুল হাই তালুকদার নিজে শিক্ষার্থীদের ‘এই বইটা নাও, বইটা নাও, ১০০ টাকা লাগবে’—এ কথা বলছেন।
খোঁজ নিয়ে আরও জানা যায়, যাঁরা ওই অনুষদে ভর্তি হচ্ছেন, তাঁদের কাছ থেকে ৩০০ টাকাও নেওয়া হচ্ছে এবং কলা অনুষদের একটি জার্নাল দেওয়া হচ্ছে।
এ ব্যাপারে দায়িত্বরত কর্মকর্তারা জানান, জার্নাল বাবদ ২০০ টাকা এবং অনুষদের কম্পিউটার ল্যাব বাবদ ১০০ টাকা নেওয়া হচ্ছে। তবে এ টাকা আদায়ে কোনো রসিদ দেওয়া হচ্ছে না।
খোঁজ নিয়ে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের অন্য কোনো অনুষদে বিনা রসিদে এ রকম কোনো খাতে টাকা নেওয়া হচ্ছে না।
এ ব্যাপারে অনুষদের ডিন আবদুল হাই তালুকদার বলেন, ‘কম্পিউটার ল্যাব ও জার্নালের জন্য ৩০০ টাকা করে নেওয়া হচ্ছে। রসিদ দেওয়া না হলেও এটার হিসাব আছে।’ তাঁর লেখা বই বিক্রির ব্যাপারে তিনি বলেন, ‘এটা নেওয়া বাধ্যতামূলক নয়। যাদের ইচ্ছে তারা নিচ্ছে।’ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বলেন, ‘আমি বিষয়টা জানি না। এ ব্যাপারে খোঁজ নিয়ে বিষয়টা দেখছি।’