ভর্তি ও প্রশংসাপত্রের জন্য টাকা নেওয়ার অভিযোগ
ঝালকাঠির বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্তৃপক্ষের বিরুদ্ধে বিদ্যালয়ে ভর্তি ও সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রশংসাপত্র দেওয়ার বিনিময়ে টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।খোঁজ নিয়ে জানা গেছে, মাইক্রোবাসের চালক আমির হোসেনের ছেলে মিলন হোসেন ঝালকাঠি সরকারি উচ্চবিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তির সুযোগ পেয়েছে। আর ভর্তির জন্য সমাপনী পরীক্ষার প্রশংসাপত্র জমা দেওয়া বাধ্যতামূলক। ২ জানুয়ারি মিলন তার মা লাভলি বেগমকে নিয়ে ঝালকাঠি পৌর এলাকার মিলন মন্দির সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রশংসাপত্র আনতে যায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১০০ টাকা ছাড়া প্রশংসাপত্র দিতে অস্বীকার করেন। আমির হোসেন বলেন, ‘আমার স্ত্রী বাসায় এসে টাকা নিয়ে আবার বিদ্যালয়ে গিয়ে প্রশংসাপত্র আনে।’ একই ধরনের অভিযোগ করেন রিফাত হোসেনের মা সেলিনা বেগম, শিমুর মা শারমিন বেগম, সাথীর মা লাকি বেগম, আবীর হোসেনের বাবা মোস্তফা হোসেন, নাকিব হোসেনের বাবা হারুন অর রশিদ। এ রকম শহর ও গ্রামের সব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষার্থীদের কাছ থেকে ৫০ থেকে ১০০ টাকা আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।শহরের পূর্ব চাঁদকাঠির আউয়াল সরদার (৪২) বলেন, ‘আমার স্ত্রী ছোট মেয়ে তৃষা আক্তারকে মিলন মন্দির সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণীতে ভর্তি করাতে যায়। প্রধান শিক্ষক ভর্তির জন্য ১০০ টাকা রেখেছেন।’ একই ধরনের অভিযোগ করেন ওই বিদ্যালয়ের শিশু শ্রেণীতে ভর্তি হওয়া আঁখি বেগমের অভিভাবক আমির হোসেন।মিলন মন্দির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইশরাত জাহান বলেন, ‘আমরা অভিভাবকদের বলি, যদি খুশি হয়ে কিছু দেন দিতে পারেন।’ কুতুবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগম বলেন, ‘প্রশংসাপত্রের বিনিময়ে কোনো টাকা নেওয়া হয় না।’ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ছাইয়াদুজ্জামান বলেন, ‘প্রশংসাপত্র ও ভর্তির জন্য টাকা নেওয়ার কোনো বিধান বা নিয়ম নেই। কারও বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।’