ভর্তি কমিটিতে আছেন, কোচিংয়েও আছেন!
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবারের ভর্তি কমিটির সদস্য হিসেবে রয়েছেন স্কুল অব ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিন মো. নজরুল ইসলাম, গণিত বিভাগের প্রধান সাজেদুল করিম ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এম হাবিবুল আহসান। এই তিন শিক্ষকই বিশ্ববিদ্যালয়ে ভর্তির দুটি কোচিং সেন্টারের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষাবর্ষে ভর্তির অফিস আদেশ (স্মারক রেজি. ১৫৯১০ ক/১/৭৬২) সূত্রে জানা যায়, স্কুল অব লাইফ সায়েন্সেসের ডিন ইয়াসমিন হক ১৬ সদস্যের ভর্তি কমিটির সভাপতি। অবশিষ্টরা সদস্য। এ তালিকার ৫ নম্বর সদস্য হচ্ছেন মো. নজরুল ইসলাম, ৮ নম্বর সদস্য এম হাবিবুল আহসান এবং ১২ নম্বর সদস্য মো. সাজেদুল করিম। বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং রেডিয়াম-এর প্রথম ও দ্বিতীয় উপদেষ্টা হিসেবে যথাক্রমে এম হাবিবুল আহসান ও মো. নজরুল ইসলামের নাম রয়েছে। সিলেটে রেডিয়াম পরিচালিত হচ্ছে ইসলামী ছাত্রশিবিরের শাহজালাল বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীদের মাধ্যমে। রেডিয়ামের পরিচালক তফজ্জুল আহমেদ ওরফে রুমেল ছাত্রশিবিরের শাহজালাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। রেডিয়ামের সহকারী পরিচালক ইমরান হাসান তারিফ গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘উপদেষ্টারা শুধু ক্লাস শুরু ও সংবর্ধনার সময় আমন্ত্রিত হন। কোচিংয়ে তাঁদের ডাকা হয় না।’ রেডিয়াম থেকে ‘আমাদের উপদেষ্টারা ভর্তি কমিটিতে আছেন...’ বলে প্রচার চালানোর অভিযোগ ভিত্তিহীন বলে তিনি দাবি করেন। শিক্ষক সাজেদুল করিম সানরাইজ কোচিং সেন্টারের প্রধান উপদেষ্টার দায়িত্বে রয়েছেন। এই সেন্টারের প্রচারপত্রে তা উল্লেখ রয়েছে। সানরাইজও শিবিরের নেতাদের পরিচালিত কোচিং সেন্টার। সানরাইজে যোগাযোগ করলে তত্ত্বাবধায়ক পরিচয় দিয়ে রিফাত প্রথম আলোকে নিশ্চিত করেন, শিক্ষক সাজেদুল করিম এই কোচিং সেন্টারের প্রধান উপদেষ্টা। রিফাত বলেন, ‘উপদেষ্টা বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটিতে থাকলে সমস্যাটা কোথায়?’ যোগাযোগ করলে মো. নজরুল ইসলাম দাবি করেন, ওই কোচিং সেন্টার তাঁকে না জানিয়েই উপদেষ্টা হিসেবে তাঁর নাম ব্যবহার করেছে। তিনি বলেন, ‘বিষয়টি অবশ্যই অনৈতিক। আমি আজই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবহিত করব।’ এম হাবিবুল আহসানের মুঠোফোনে কল করলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে একাধিকবার চেষ্টা করে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তাঁর বাসায় টেলিফোন করলে তাঁর স্ত্রী জানান, তিনি অসুস্থ আছেন, কথা বলতে পারবেন না। সাজেদুল করিম প্রথম আলোকে বলেন, ‘বিভিন্ন সময় কোচিং সেন্টারগুলো আমাকে আমন্ত্রণ জানালেও আমি কখনো যাইনি। তবে কিছুদিন আগে সানরাইজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছিল এবং আমি সেখানে গিয়েছিলাম। এ নিয়ে কেউ যদি আমার নাম ভাঙায়, তাহলে দায় আমার নয়।’ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি ইয়াসমিন হক প্রথম আলোকে বলেন, যিনি ভর্তি-প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত তিনি কোচিং সেন্টারের উপদেষ্টা বা পরামর্শক থাকবেন—এটা তো কোনোভাবেই হতে পারে না। তা ছাড়া সরকারিভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কোচিং সেন্টারের সঙ্গে সম্পৃক্ত না হতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাক হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ে চাকরি করে বিশ্ববিদ্যালয়ে ভর্তিসংক্রান্ত বাইরের কোনো প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়টি চাকরিবিধি-বহির্ভূত। ওই তিন শিক্ষকের কোচিং সেন্টারের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি জানা ছিল না।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমি তাঁদেরকে বলেছি, হয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি থেকে পদত্যাগ করেন, না হলে কোচিং সেন্টারের উপদেষ্টা থেকে সরে দাঁড়ান। তাঁরা আমাকে জানিয়েছেন, কোচিং সেন্টারগুলো তাঁদের না জানিয়ে নাম ব্যবহার করেছে। তাই কোচিং সেন্টারগুলোর বিরুদ্ধে তাঁরা ব্যবস্থা নেবেন।’